কক্সবাজারের একটি হোটেলে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাদের নিয়ে সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর প্রধান কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মো. মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফআইইউর উপপ্রধান কর্মকর্তা মো. মফিজুর রহমান খান চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে বিএফআইইউর প্রধান কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন মো. মামুন ব্যাংক খাতে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সততা, সুশাসন, ডিজিটাল রূপান্তর এবং পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের সঙ্গে ই-কমার্স জালিয়াতি, বাণিজ্যভিত্তিক অর্থ পাচার এবং সাইবার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
তিনি এসব অপরাধ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার, ঝুঁকিভিত্তিক পরিপালন ব্যবস্থা এবং সন্দেহজনক লেনদেন দ্রুত প্রতিবেদন করার ওপর গুরুত্ব দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্মেলনে পাচার হওয়া অর্থ উদ্ধার, ঝুঁকিভিত্তিক তদারকি, ঋণ জালিয়াতি, মূলধন পাচার প্রতিরোধ এবং পারস্পরিক মূল্যায়ন বিষয়ে বিভিন্ন উপস্থাপনা দেওয়া হয়। একই সঙ্গে বেনামি প্রতিষ্ঠান, ভুয়া জামানত, তহবিল অপব্যবহার এবং ইচ্ছাকৃত খেলাপির ঝুঁকি নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া গ্রাহক যাচাই, লেনদেন পর্যবেক্ষণ এবং সময়মতো সন্দেহজনক লেনদেন প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টিকে কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।

