বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘এমার্জিং বিজনেস লিডার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ রাঈদ চৌধুরী। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘ইউনাইটেড গ্রুপ প্রেজেন্টস ১০ম লিডারশিপ সামিটে’ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
কৌশলগত নেতৃত্ব, উদ্যোক্তা হিসেবে দূরদর্শিতা এবং দেশে আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসোর কার্যক্রম সম্প্রসারণে ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন। গতকাল ২৫ নভেম্বর এ বিষয়ে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর এ অর্জনের কথা জানানো হয়।
২০১৭ সালে রাজধানীর বনানী ১১ নম্বরে প্রথম আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করে মিনিসো। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্র্যান্ডটির ৩৫টির বেশি স্টোর রয়েছে। ইভিন্স গ্রুপ বাংলাদেশে মিনিসোর মাস্টার ফ্র্যাঞ্চাইজি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
নান্দনিক নকশা ও তুলনামূলক সাশ্রয়ী দামের পণ্যের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ড ও বিনোদনভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে বিশেষ পণ্য সহযোগিতা মিনিসোর জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রেখেছে। হ্যারি পটার, স্ট্রেঞ্জার থিংস, স্যানরিও ও মার্ভেলের মতো ব্র্যান্ডের পণ্যের পাশাপাশি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আনুষ্ঠানিক লাইসেন্সপ্রাপ্ত পণ্যও বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে মিনিসোর গুলশান-২ আউটলেট বিশ্বজুড়ে ব্র্যান্ডটির সেরা ১০০টি স্টোরের তালিকায় স্থান পায়। চলতি বছর বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসেও ‘বেস্ট রিটেইলার-লাইফস্টাইল’ এবং ‘বেস্ট রিটেইল ইন-স্টোর ডিজাইন’ বিভাগে দুটি পুরস্কার অর্জন করে মিনিসো বাংলাদেশ।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শাহ রাঈদ চৌধুরী বলেন, ব্র্যান্ডটির ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি নতুন বাজার ও ব্যবসার সম্ভাবনা অনুসন্ধান এবং রিটেইল খাতে আরও উন্নত মানদণ্ড প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

