বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন আবুল কাশেম মো. শিরিনকে বাংলাদেশবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে ফিলপস লিমিটেড। প্রতিষ্ঠানটি ডিআইএফসি ও এডিজিএম নিয়ন্ত্রিত একটি ফিনটেক ও ডিজিটাল ব্যাংকিং অবকাঠামো কোম্পানি।
আবুল কাশেম মো. শিরিন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। বর্তমানে তিনি শিমান্ত ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রায় চার দশকের ব্যাংকিং ক্যারিয়ারে শিরিন বাংলাদেশের ডিজিটাল আর্থিক অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০০৩ সালে ডাচ্-বাংলা ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগে যোগ দেওয়ার পর তিনি প্রায় ছয় বছর বিভাগটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে প্রায় আট বছর উপব্যবস্থাপনা পরিচালক এবং নয় বছরের বেশি সময় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ব্যাংকটির নেতৃত্ব দেন।
তার নেতৃত্বে ডাচ্-বাংলা ব্যাংক দেশের অন্যতম বৃহৎ এটিএম ও পিওএস নেটওয়ার্ক গড়ে তোলে। একই সময়ে ব্যাংকটি ‘রকেট’-এর মাধ্যমে মোবাইল আর্থিক সেবা, বায়োমেট্রিক এজেন্ট ব্যাংকিং, ইএমভি কার্ড, কিউআর পেমেন্ট এবং অ্যাপভিত্তিক ব্যাংকিংয়ের মতো বিভিন্ন ডিজিটাল সেবা সম্প্রসারণ করে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের শহরের বাইরে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যাংকের কার্যক্রমকে আরও প্রযুক্তিনির্ভর ও কাগজবিহীন করার উদ্যোগ নেওয়া হয়।
ডাচ্-বাংলা ব্যাংকে যোগ দেওয়ার আগে শিরিন বাংলাদেশ স্মল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ব্যাংক বা বেসিক ব্যাংকে উপমহাব্যবস্থাপক ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন।
শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ডিগ্রি লাভ করেন। প্রযুক্তি বিষয়ে তিনি তিনটি বইও লিখেছেন। পাশাপাশি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশে বিভিন্ন নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেছেন।
ফিলপসে নতুন দায়িত্বে শিরিন বাংলাদেশের ব্যাংকিং খাতের অগ্রাধিকার, নিয়ন্ত্রক কাঠামো, ডিজিটাল অর্থায়নের ভবিষ্যৎ দিক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি অংশীদারদের কাছ থেকে প্রত্যাশিত সুশাসন, স্থিতিশীলতা ও সেবার মান নিয়ে প্রতিষ্ঠানটিকে পরামর্শ দেবেন।
ফিলপসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিসওয়াস ঢাকাল বলেন, বাংলাদেশ তাদের জন্য নতুন কোনো বাজার নয়; বরং দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির একটি বাজার। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ব্যাংকে তাদের প্রযুক্তি প্ল্যাটফর্ম ইতোমধ্যে চালু রয়েছে এবং আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের সুযোগ তৈরি হচ্ছে।
শিরিনের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকিং খাতের ডিজিটাল ভিত্তি তৈরিতে শিরিনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাই দেশের বাজারের প্রয়োজন এবং বাস্তবতা বুঝতে তার চেয়ে ভালো পরামর্শদাতা পাওয়া কঠিন।
অন্যদিকে আবুল কাশেম মো. শিরিন বলেন, নিয়ন্ত্রক কাঠামোর প্রতি শ্রদ্ধা রেখে সুশৃঙ্খলভাবে প্রযুক্তি ব্যবহার করা হলে দেশের প্রতিটি মানুষের কাছে ব্যাংকিং সেবা আরও সহজে পৌঁছে দেওয়া সম্ভব। ফিলপসের জাতীয় পর্যায়ে ডিজিটাল ওয়ালেট, পেমেন্ট নেটওয়ার্ক ও ডিজিটাল ব্যাংক পরিচালনার অভিজ্ঞতাকে তিনি এই কাজে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে ফিলপসের কৌশলের অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তাদের লক্ষ্য হলো প্রতিটি বাজারে সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কাজ করা, যাতে স্থানীয় নিয়ন্ত্রক কাঠামো, প্রাতিষ্ঠানিক বাস্তবতা ও জাতীয় অগ্রাধিকারকে গুরুত্ব দিয়েই প্রযুক্তি সেবা তৈরি করা যায়।
বাংলাদেশে ফিলপসের বিভিন্ন প্ল্যাটফর্ম ইতোমধ্যে কয়েকটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকে চালু রয়েছে। প্রতিষ্ঠানটি ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল ঋণ, মার্চেন্ট ইকোসিস্টেম এবং জালিয়াতি ও ঝুঁকি শনাক্তকরণ প্রযুক্তি নিয়ে দেশের আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।

