ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের (ফিনএক্সেল) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সেলিম বারকাত।
ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে প্রায় চার দশকের অভিজ্ঞতা রয়েছে তার। কৌশলগত নেতৃত্ব, করপোরেট পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা, লেনদেনভিত্তিক ব্যাংকিং, কোষাগার ব্যবস্থাপনা ও পুঁজিবাজার বিষয়ে তার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে।
সর্বশেষ তিনি হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ অঞ্চলের আঞ্চলিক মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে দক্ষিণ এশিয়াজুড়ে বিভিন্ন কৌশলগত পরিবর্তন ও উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেন।
এর আগে সিটিব্যাংক ও সিটিগ্রুপের বাংলাদেশ ও নিউইয়র্ক কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন সেলিম বারকাত। বৈশ্বিক ব্যবসা ব্যবস্থাপনার পাশাপাশি বিনিয়োগ ব্যাংক, শেয়ারবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, আর্থিক বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং উত্তর আমেরিকার বিমা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্বও পালন করেন।
বাংলাদেশে সিটিব্যাংক এনএর প্রথম শাখা প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।
ফিনএক্সেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার আন্তর্জাতিক ব্যাংকিং অভিজ্ঞতা, কৌশলগত নেতৃত্ব এবং ঝুঁকি ব্যবস্থাপনা ও করপোরেট পরিচালনায় দক্ষতা প্রতিষ্ঠানটির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সেলিম বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে অর্থায়নে এমবিএ করেছেন। যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের রাটগার্স বিজনেস স্কুলে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

