বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বেক্সিমকোর তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসের নতুন পরিচালনা পর্ষদ পুনর্গঠনের অনুমোদন দিয়েছে। এর ফলে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিনটি কোম্পানির কোনো বোর্ডেই আর থাকছেন না সালমান এফ রহমান।
বিএসইসির কমিশন সভায় মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। এর আগে গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন পরিচালনা পর্ষদ অনুমোদন করা হয়েছিল, যেখানে সালমান এফ রহমানকে রাখা হয়নি।
নতুন সিদ্ধান্তের মাধ্যমে বেক্সিমকো, শাইনপুকুর সিরামিকস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস—এই তিনটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকেই সালমান এফ রহমানের প্রস্থান সম্পন্ন হলো।
বিএসইসির অনুমোদিত নতুন কাঠামো অনুযায়ী, বেক্সিমকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এএসএফ রহমান। তিনি সালমান এফ রহমানের ভাই। একই সঙ্গে ওকে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির এবং কাওমরুন নাহার আহমেদ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এ ছাড়া শাহ মঞ্জুরুল হককে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী আরও একজন স্বাধীন পরিচালক নিয়োগ করা হবে।
শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রেও একই ধরনের কাঠামো অনুমোদন করা হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করা হয়েছে এএসএফ রহমানকে। পরিচালক হিসেবে থাকছেন ওকে চৌধুরী, ইকবাল আহমেদ, আজমল কবির এবং কাওমরুন নাহার আহমেদ। পাশাপাশি করপোরেট গভর্ন্যান্সের নিয়ম অনুযায়ী আরও দুইজন স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হবে।
বিএসইসির নথি অনুযায়ী, বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় এবং আদালতের মৌখিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দুই প্রতিষ্ঠানই কমিশনের আগের সিদ্ধান্ত প্রত্যাহার এবং প্রস্তাবিত নতুন বোর্ড অনুমোদনের আবেদন জানিয়েছিল।
নতুন বোর্ড অনুমোদনের পর প্রতিষ্ঠান দুটি বিএসইসির আগের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট আবেদন প্রত্যাহারের অনুমতিও পেয়েছে।
সালমান এফ রহমান গত সেপ্টেম্বর মাসে বেক্সিমকোর তালিকাভুক্ত কোম্পানিগুলোর বোর্ড থেকে সরে দাঁড়ানোর সম্মতি জানিয়েছিলেন। তিনি ২০২৪ সালের আগস্ট থেকে একাধিক ফৌজদারি মামলায় কারাগারে রয়েছেন। এর আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বেক্সিমকো গ্রুপের জন্য এই পরিবর্তনকে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক রূপান্তর হিসেবে দেখা হচ্ছে। গ্রুপ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর ইতিহাসে প্রথমবারের মতো বেক্সিমকো, শাইনপুকুর সিরামিকস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস—তিনটি তালিকাভুক্ত কোম্পানিই সালমান এফ রহমানকে ছাড়া নতুন পরিচালনা কাঠামোর অধীনে কার্যক্রম পরিচালনা করবে।
বিশ্লেষকদের মতে, বড় কোনো শিল্পগোষ্ঠীর পরিচালনা পর্ষদে এমন পরিবর্তন শুধু নেতৃত্ব বদলের বিষয় নয়, বরং বিনিয়োগকারী আস্থা, করপোরেট সুশাসন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশলের ওপরও এর প্রভাব পড়তে পারে। নতুন বোর্ড কতটা কার্যকরভাবে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা, আর্থিক স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করতে পারে, সেটিই এখন বড় প্রশ্ন।

