একসময় হোটেলের অতিথিদের সেবা দিতেন ওয়েটার হিসেবে। সাধারণ একটি পদ থেকে শুরু হয়েছিল তাঁর কর্মজীবনের পথচলা। কিন্তু দীর্ঘ পরিশ্রম, দক্ষতা, নেতৃত্ব এবং পেশার প্রতি নিষ্ঠা তাঁকে নিয়ে গেছে সাফল্যের এক অনন্য উচ্চতায়। সেই মানুষটি এখন দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজার হিসেবে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের মো. আলমগীর হোসেন।
আতিথেয়তা খাতে অসাধারণ অবদানের জন্য দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দক্ষিণ এশিয়ার সেরা জেনারেল ম্যানেজার’ সম্মাননা পেয়েছেন তিনি। এই পুরস্কার অর্জনকারী প্রথম বাংলাদেশি হিসেবে নতুন ইতিহাস তৈরি করেছেন আলমগীর হোসেন।
গত ৮ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালে অবস্থিত বার্সেলো নাসানধুরা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এবারের আয়োজনে বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।
আলমগীর হোসেন বর্তমানে শেলটেকের প্ল্যাটিনাম হোটেলসের গ্রুপ জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের আতিথেয়তা খাতের জন্যও একটি বড় স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আলমগীরের সাফল্যের গল্প শুরু হয়েছিল একেবারে সাধারণ জায়গা থেকে। রাজধানীর শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনে ওয়েটার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। অতিথিদের সঙ্গে সরাসরি কাজ করতে করতে ধীরে ধীরে অর্জন করেন অভিজ্ঞতা, দক্ষতা ও ব্যবস্থাপনার জ্ঞান।
দীর্ঘ ২২ বছরের বেশি কর্মজীবনে তিনি হোটেল ব্যবস্থাপনার বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেছেন। অতিথিসেবা, বিক্রয় ও বিপণন থেকে শুরু করে পুরো হোটেল পরিচালনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
২০১৭ সালে প্ল্যাটিনাম হোটেলসে যোগ দেওয়ার পর তাঁর নেতৃত্বে বনানীর প্ল্যাটিনাম গ্র্যান্ড এবং উত্তরার প্ল্যাটিনাম রেসিডেন্সের কার্যক্রমে নতুন গতি আসে। অতিথিদের উন্নত সেবা নিশ্চিত করা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রম আরও কার্যকর করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
হোটেল পরিচালনায় শুধু অভিজ্ঞতাই নয়, আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের জন্য তিনি বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, চীন ও শ্রীলঙ্কায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এসব অভিজ্ঞতা তাঁকে আধুনিক আতিথেয়তা ব্যবস্থাপনায় আরও দক্ষ করে তুলেছে।
এদিকে একই অনুষ্ঠানে প্ল্যাটিনাম রেসিডেন্স বাই শেলটেকও সম্মাননা অর্জন করেছে। ৪০টির কম কক্ষের বিভাগে প্রতিষ্ঠানটি ‘লিডিং সিটি হোটেল’ পুরস্কার পেয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আতিথেয়তা শিল্পে সফল নেতৃত্বের জন্য শুধু ব্যবস্থাপনার দক্ষতা নয়, অতিথির প্রয়োজন বোঝা, কর্মীদের পরিচালনা করা এবং পরিবর্তিত বাজার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতাও প্রয়োজন। আলমগীর হোসেনের দীর্ঘ কর্মজীবন এসব গুণেরই প্রতিফলন।
একজন সাধারণ কর্মী হিসেবে যাত্রা শুরু করে দক্ষিণ এশিয়ার শীর্ষ পর্যায়ের হোটেল ব্যবস্থাপক হয়ে ওঠার গল্প তরুণদের জন্য একটি বড় অনুপ্রেরণা। তাঁর এই অর্জন দেখিয়ে দিয়েছে, দক্ষতা, অধ্যবসায় এবং নিজের কাজের প্রতি ভালোবাসা থাকলে যেকোনো অবস্থান থেকে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।
দক্ষিণ এশিয়ার আতিথেয়তা খাতে বাংলাদেশের অবস্থানকে আরও উজ্জ্বল করেছে আলমগীর হোসেনের এই স্বীকৃতি। তাঁর অর্জন দেশের হোটেল ও পর্যটন শিল্পের জন্য একটি নতুন সম্ভাবনার বার্তাও দিচ্ছে।

