ট্রাক-লরির স্বপ্ন এবার সহজ কিস্তিতে: সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য অটো লিজ নিয়ে এল প্রাইম ব্যাংক ও রানার মোটরস
ব্যবসার মালামাল পরিবহনে নিজস্ব বাণিজ্যিক যানবাহন কেনা এখন আরও সহজ হবে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের জন্য। এ লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি ও রানার মোটরস পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর আওতায় সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য চালু হচ্ছে বিশেষায়িত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারত্বের আওতায় সিএমএসএমই গ্রাহকেরা রানার মোটরস থেকে বাণিজ্যিক যানবাহন কিনতে আকর্ষণীয় সুদহারে দ্রুত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা পাবেন।
উদ্যোগটির মূল লক্ষ্য অর্থায়ন পেতে উদ্যোক্তাদের প্রতিবন্ধকতা কমানো। এতে তাঁরা ব্যবসার পরিবহন ও সরবরাহ সক্ষমতা বাড়াতে, পরিচালন কার্যক্রম আরও দক্ষ করতে এবং ব্যবসার পরিধি সম্প্রসারণ করতে পারবেন বলে ব্যাংকটি জানিয়েছে।
সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে সই করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ. চৌধুরী এবং রানার মোটরসের প্রধান অর্থ কর্মকর্তা রাজেশ কুমার যাদব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের চিফ বিজনেস অফিসার সাজিদ রহমান, ইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো. মহসিনুর রহমান এবং ইভিপি ও সিআরএম-এসএমই বিভাগের প্রধান নাইমুল হাসান খান। রানার মোটরসের পক্ষে ছিলেন বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ফিরোজ কবির।

