দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত ‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৬’ অনুষ্ঠানে টানা পঞ্চমবারের মতো ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ নির্বাচিত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ ছাড়া আরও সাতটি বিভাগেও পুরস্কার পেয়েছে বেসরকারি এ বিমান সংস্থা। রোববার ঢাকার ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠানটি হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের হাত থেকে সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন্সের পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলার সেলস প্রধান শফিকুল ইসলাম।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সেরা বিমানবন্দর সেবা (অভ্যন্তরীণ), বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইন ব্র্যান্ড এবং সবচেয়ে উন্নতি করা এয়ারলাইন্স—এই তিন বিভাগে স্বর্ণপদক পেয়েছে ইউএস-বাংলা। এ ছাড়া সেরা শর্ট হল এয়ারলাইন, প্রবাসী কর্মীবান্ধব সেরা এয়ারলাইন, সেরা কানেক্টিভিটি সেবা এবং সেরা আঞ্চলিক এয়ারলাইন বিভাগে রৌপ্যপদক জিতেছে প্রতিষ্ঠানটি। অন্য পুরস্কারগুলো গ্রহণ করেন গ্রাহকসেবা পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ড. নুরুন্নাহার চৌধুরী এবং দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, যাত্রীদের আস্থারই প্রতিফলন এই স্বীকৃতি। তিনি জানান, এসব পুরস্কার সেবার মান আরও উন্নত করতে প্রতিষ্ঠানটিকে উৎসাহ জোগাবে।
এর আগে ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালেও সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন্সের পুরস্কার পেয়েছিল ইউএস-বাংলা।

