একসময় ভালো বেতন আর নিরাপদ কর্মপরিবেশ পেলেই চাকরি নিয়ে সন্তুষ্ট থাকতেন অনেক কর্মী। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা বদলে যাচ্ছে। এখন মাস শেষে বেতন পাওয়ার পাশাপাশি চিকিৎসার নিশ্চয়তা, পরিবারের আর্থিক নিরাপত্তা, অবসরজীবনের প্রস্তুতি এবং নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগও চান তাঁরা। কর্মীদের এসব প্রত্যাশা যত দ্রুত পরিবর্তিত হচ্ছে, অনেক প্রতিষ্ঠান তত দ্রুত নিজেদের প্রস্তুত করতে পারছে না।
মেটলাইফ বাংলাদেশের কর্মীদের সুযোগ-সুবিধা ও প্রত্যাশা নিয়ে পরিচালিত দ্বিতীয় দফার জরিপে এমন চিত্র উঠে এসেছে। দেশের তৈরি পোশাক, ব্যাংক, নিত্যভোগ্য পণ্য, টেলিযোগাযোগ, খুচরা ব্যবসা, উৎপাদন, বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতের ৫৮৩ জন কর্মী এবং ১২৬ জন নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধির মতামতের ভিত্তিতে জরিপটি পরিচালিত হয়েছে।
জরিপের ফল বলছে, কর্মীদের চাকরি নিয়ে সন্তুষ্টি বাড়লেও তাঁদের আর্থিক অনিশ্চয়তা কমেনি। বরং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। পাশাপাশি কর্মজীবনে নতুন প্রযুক্তির ব্যবহারও দ্রুত বিস্তৃত হচ্ছে।
বর্তমানে জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ কর্মী দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন। তাঁদের মধ্যে ৯১ শতাংশ জানিয়েছেন, এই প্রযুক্তি ব্যবহারের ফলে কাজের অভিজ্ঞতা উন্নত হয়েছে। কাজের চাপ ও মানসিক ক্লান্তি কমানোর পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে এবং গুরুত্বপূর্ণ কাজে বেশি মনোযোগ দিতে এটি সহায়তা করছে।
তবে কর্মীদের প্রযুক্তি ব্যবহারের আগ্রহের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতির বড় পার্থক্য রয়েছে। জরিপ অনুযায়ী, মাত্র ৫৮ শতাংশ নিয়োগদাতা প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার উৎসাহিত করে বা প্রয়োজনীয় সহায়তা দেয়। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যেও মাত্র ৩৭ শতাংশ মনে করে, তাদের কর্মীরা সহজেই নতুন প্রযুক্তি গ্রহণ করছেন।
অর্থাৎ কর্মীরা নিজেদের প্রয়োজনেই প্রযুক্তি ব্যবহার শুরু করেছেন। কিন্তু অনেক প্রতিষ্ঠান এখনো এর সঠিক ব্যবহার, প্রশিক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।
কর্মীদের সন্তুষ্টির পরিসংখ্যানেও কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। আগের বছরের ৭৮ শতাংশ থেকে চাকরি নিয়ে সন্তুষ্ট কর্মীর হার বেড়ে দাঁড়িয়েছে ৮৩ শতাংশে। তবে এই ইতিবাচক পরিবর্তনের আড়ালে রয়েছে আর্থিক উদ্বেগের বড় একটি চিত্র।
আগের বছর ৫৬ শতাংশ কর্মী জানিয়েছিলেন, অর্থসংক্রান্ত দুশ্চিন্তা তাঁদের কাজের উৎপাদনশীলতায় প্রভাব ফেলে। এবার সেই হার বেড়ে হয়েছে ৭২ শতাংশ। অর্থাৎ চাকরি নিয়ে সন্তুষ্ট থাকলেও অনেক কর্মী সংসারের খরচ, চিকিৎসা, সঞ্চয় ও ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
কর্মীদের ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী সুযোগ-সুবিধা পাওয়ার আগ্রহও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে ৬৫ শতাংশ কর্মী এ ধরনের সুবিধা চাইতেন। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ শতাংশে।
সবচেয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে অবসরজীবনের প্রস্তুতি নিয়ে। জরিপে অংশ নেওয়া ৪০ বছর বা তার বেশি বয়সী কর্মীদের মধ্যে অবসরজীবন নিয়ে কোনো পরিকল্পনা নেই, এমন মানুষের হার আগের ৫৩ শতাংশ থেকে বেড়ে ৮১ শতাংশ হয়েছে।
এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, কর্মজীবনের একটি বড় সময় পার করার পরও অনেকেই অবসরের পর কীভাবে চলবেন, সে বিষয়ে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারছেন না।
কর্মীদের ধারণায় নিয়োগদাতার দায়িত্বও এখন শুধু বেতন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। জরিপে ৮১ শতাংশ কর্মী বলেছেন, তাঁদের আর্থিক সুস্থতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে। আগের বছর এমন মত দিয়েছিলেন ৬৯ শতাংশ।
একইভাবে ৮৬ শতাংশ কর্মী মনে করেন, অবসরজীবনের জন্য সঞ্চয় গড়ে তুলতে প্রতিষ্ঠানের সহযোগিতা করা উচিত। আগের বছর এই হার ছিল ৬৭ শতাংশ।
হঠাৎ বড় ধরনের আর্থিক সংকটে পড়লেও কর্মীরা প্রতিষ্ঠানের পাশে থাকার প্রত্যাশা করেন। জরিপে ৭২ শতাংশ কর্মী জানিয়েছেন, অপ্রত্যাশিত বড় আর্থিক সমস্যার সময় নিয়োগদাতার কাছ থেকে সহায়তা চান তাঁরা।
অসুস্থতা, দুর্ঘটনা কিংবা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অকালমৃত্যুর মতো ঘটনা একটি পরিবারের আর্থিক অবস্থাকে বিপর্যস্ত করে দিতে পারে। এর সঙ্গে রয়েছে চিকিৎসার ব্যয়, সন্তানদের পড়াশোনা, সংসারের নিয়মিত খরচ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ।
এসব উদ্বেগ শুধু কর্মীদের ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকে না। কর্মক্ষেত্রেও এর প্রভাব পড়ে। আর্থিক দুশ্চিন্তায় থাকা একজন কর্মীর পক্ষে সব সময় কাজে পুরো মনোযোগ দেওয়া কঠিন হয়ে ওঠে।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তৈরি পোশাকশিল্প, ব্যাংক, টেলিযোগাযোগ, খুচরা ব্যবসা ও প্রযুক্তি খাত বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছে। তবে এখন শুধু চাকরির সংখ্যা বাড়ানো নয়, কর্মীদের জীবনমান ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বিশেষ করে সামাজিক সুরক্ষাব্যবস্থা এখনো পুরোপুরি বিস্তৃত না হওয়ায় অনেক কর্মীর কাছে প্রতিষ্ঠানের দেওয়া স্বাস্থ্যবিমা, জীবনবিমা, আয় সুরক্ষা এবং সঞ্চয়ের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জরিপে দেখা গেছে, কর্মীদের সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও সংস্কৃতি উন্নয়নে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ৮৫ শতাংশ নিয়োগদাতা। আগের বছর এই হার ছিল ৭৮ শতাংশ। পাশাপাশি প্রায় অর্ধেক নিয়োগদাতা প্রতিষ্ঠান গত বছর কর্মীদের সুযোগ-সুবিধায় বিনিয়োগ বাড়িয়েছে।
অন্যদিকে ৭৯ শতাংশ কর্মী জানিয়েছেন, বিমা ও স্বাস্থ্যসংক্রান্ত সুবিধা পেলে প্রতিষ্ঠানের প্রতি তাঁদের আনুগত্য উল্লেখযোগ্যভাবে বাড়বে।
তবে কর্মীদের চাহিদা এবং প্রতিষ্ঠানগুলোর দেওয়া সুবিধার মধ্যে এখনো ব্যবধান রয়েছে। বিশেষ করে জীবনবিমা, গুরুতর অসুস্থতার সুরক্ষা, আয় বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি এবং শারীরিক অক্ষমতার ক্ষেত্রে আর্থিক সহায়তার সুযোগে ঘাটতি পাওয়া গেছে।
কর্মীরা শুধু বাড়তি সুযোগ-সুবিধা চান না, সেগুলো কীভাবে কাজে লাগানো যাবে, তা-ও জানতে চান। অনেকেই মনে করেন, প্রতিষ্ঠানের দেওয়া সুবিধা সম্পর্কে নিয়মিত ও সহজভাবে জানানো হলে তাঁরা সেগুলোর আরও ভালো ব্যবহার করতে পারবেন।
একজন নতুন কর্মীর প্রয়োজন এবং অবসরের কাছাকাছি থাকা একজন অভিজ্ঞ কর্মীর চাহিদা এক নয়। কারও কাছে পরিবারের চিকিৎসা সুরক্ষা বেশি গুরুত্বপূর্ণ, আবার কারও কাছে অবসরকালীন সঞ্চয়। তাই সবার জন্য একই ধরনের সুবিধার পরিবর্তে বয়স, পারিবারিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব বাড়ছে।
বিশেষজ্ঞ পর্যবেক্ষণের ভিত্তিতে জরিপের প্রতিবেদনে কর্মীদের নতুন প্রযুক্তির ব্যবহার সহজ করা, আর্থিক নিরাপত্তা বাড়ানো, অবসর পরিকল্পনায় সহযোগিতা এবং প্রয়োজন অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে কর্মীদের আর্থিক সংকটকে শুধু ব্যক্তিগত সমস্যা হিসেবে না দেখে কর্মদক্ষতা ও প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উন্নয়নের সঙ্গে যুক্ত বিষয় হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
জরিপে আরও দেখা গেছে, যেসব কর্মী মনে করেন প্রতিষ্ঠান তাঁদের যত্ন নেয়, তাঁদের মধ্যে কাজে সম্পৃক্ততা, মানসিক সুস্থতা, চাকরিতে সন্তুষ্টি এবং প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক মনোভাব তুলনামূলক বেশি।
ফলে কর্মীদের কল্যাণে বিনিয়োগকে শুধু বাড়তি ব্যয় হিসেবে দেখার সুযোগ কমছে। কর্মীদের নিরাপত্তা ও সন্তুষ্টি বাড়লে প্রতিষ্ঠানও দক্ষ কর্মী ধরে রাখা এবং দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা উন্নত করার সুবিধা পেতে পারে।
কর্মজগতের এই পরিবর্তন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ভালো বেতন এখনো গুরুত্বপূর্ণ, কিন্তু সেটিই আর কর্মীদের সন্তুষ্ট রাখার একমাত্র শর্ত নয়।
কর্মীরা এমন কর্মপরিবেশ চান, যেখানে তাঁদের বর্তমান কাজের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যৎ জীবন নিয়েও ভাবা হবে। প্রযুক্তিগত দক্ষতা, স্বাস্থ্য সুরক্ষা, আর্থিক স্থিতিশীলতা ও অবসরজীবনের নিশ্চয়তা—সবকিছুই এখন চাকরির প্রত্যাশার সঙ্গে জড়িয়ে যাচ্ছে।
তাই আগামী দিনের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হলে প্রতিষ্ঠানগুলোকে শুধু বেতন ও কর্মসংস্থানের বিষয়েই নয়, কর্মীদের সামগ্রিক কল্যাণের দিকেও গুরুত্ব দিতে হবে। কর্মীদের প্রত্যাশা যে বদলে যাচ্ছে, জরিপের ফলাফল থেকে তা স্পষ্ট। এখন দেখার বিষয়, সেই পরিবর্তনের সঙ্গে দেশের নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো কতটা তাল মেলাতে পারে।

