গ্রাহকদের একই কার্ডে ব্যাংকিং সুবিধা ও স্বাস্থ্যসেবা দিতে নতুন কো-ব্র্যান্ডেড কার্ড বাজারে এনেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ক্লিনিকল লিমিটেডের সঙ্গে যৌথভাবে চালু হওয়া এই ভিসা কার্ডের নাম কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ড। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করা হয়।
এ সংক্রান্ত চুক্তিতে সম্প্রতি স্বাক্ষর করেছে দুই প্রতিষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. খালিদ মাহমুদ খান এবং ক্লিনিকল লিমিটেডের চেয়ারম্যান মালিক তালহা ইসমাইল বারী যৌথভাবে কার্ডটি উন্মোচন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম এবং উপব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম। ক্লিনিকলের পক্ষে ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) পারভেজ আহমেদ ও হেড অব বিজনেস সাদ এম মিলকান। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে যোগ দেন।
সাউথইস্ট ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ এই কার্ডের মাধ্যমে গ্রাহকেরা একটি ভিসা কার্ডেই দৈনন্দিন ব্যাংকিং সুবিধার পাশাপাশি আধুনিক ডিজিটাল স্বাস্থ্যসেবা পাবেন। এতে একটি পেমেন্ট কার্ডের প্রচলিত ব্যবহারের পরিধি আরও বাড়ানো হয়েছে।
কার্ডধারীরা অংশীদার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কার্ড দেখিয়েই নির্ধারিত সেবা নিতে পারবেন। কার্ডের অন্যতম সুবিধা হলো, সারা বছর দিনরাত ২৪ ঘণ্টা বিনা মূল্যে ও সীমাহীন অডিও-ভিডিও মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে।
এ ছাড়া হাসপাতালের বিল পরিশোধ ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার ক্ষেত্রে কার্ডধারীরা ক্যাশব্যাক ও বিমাসুবিধা পাবেন। সারা দেশে ৩০০টির বেশি অংশীদার হাসপাতালে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ও মিলবে।

