রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. নূরুল হুদা। সোমবার (১৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি এ পদে যোগ দেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বেসিক ব্যাংকে যোগ দেওয়ার আগে নূরুল হুদা জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।
আইসিবিতে কর্মরত অবস্থায় তিনি পোর্টফোলিও ব্যবস্থাপনা, ট্রাস্টি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রধান অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।
১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন নূরুল হুদা। দীর্ঘ কর্মজীবনে ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালনের পাশাপাশি খুলনা ও বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর কর্মক্ষেত্রের মধ্যে ছিল রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেজারি, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট, প্রধান শাখা ও ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখা।
নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।
১৯৭২ সালে পিরোজপুর জেলায় জন্ম নেওয়া নূরুল হুদার ব্যাংক খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতা রয়েছে। ব্যবস্থাপনা, ঋণ ও বিনিয়োগ কার্যক্রম, ট্রেজারি এবং ঝুঁকি ব্যবস্থাপনায় তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।

