ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নতুন ডিরেক্টর (করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। ১৫ নভেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে। এ পদের পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।
করপোরেট অ্যাফেয়ার্স ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২০ বছরের বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের। কর্মজীবনে জটিল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সামলানো, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা, কৌশলগত অংশীজনদের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রতিষ্ঠানের সুনাম শক্তিশালী করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ইউনিলিভারে যোগ দেওয়ার আগে তিনি সিনজেনটা বাংলাদেশে একই পদে (ডিরেক্টর) কর্মরত ছিলেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমেরও সদস্য ছিলেন। তারও আগে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে এমবিএ করেছেন। এ ছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজ থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে শহীদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা আছে। বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তাঁর গভীর ধারণা রয়েছে। তাঁকে পেয়ে প্রতিষ্ঠানটি আনন্দিত উল্লেখ করে রুহুল কুদ্দুস খান আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে ব্যবসা আরও শক্তিশালী হবে এবং অংশীজনেরা দীর্ঘমেয়াদে সুফল পাবেন।

