সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে হাইকোর্ট বিভাগের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর এক প্রজ্ঞাপনে বলা হয়, হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম আলম ভূঁইয়া ফেসবুকে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়ে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করেছেন। এর মাধ্যমে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি ব্যক্তিগত স্বার্থে প্রতিষ্ঠানের কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করেছেন। এতে আদালতের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
এছাড়া অফিসের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে। বলা হয়েছে, তিনি অন্যান্য কর্মচারীদের প্রভাবিত করে প্রশাসনের বৈধ নির্দেশনা অমান্য করতে উৎসাহ দিয়েছেন, যার ফলে দপ্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
এসব কর্মকাণ্ডকে গুরুতর অসদাচরণ হিসেবে বিবেচনা করে বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি শাস্তিমূলক ব্যবস্থার আওতায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

