সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের বসার জায়গার সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে ‘ভবন ২০২০’ প্রকল্প আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় নকশা ও কাগজপত্র সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় আইনজীবীদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।
সাক্ষাৎ শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আইনজীবীদের বসার জায়গার সংকটসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।
সাক্ষাতে সমিতির সম্পাদক জানান, আইনজীবীদের বসার জায়গার সংকট কমাতে ২০২০ সালে ‘ভবন ২০২০’ নামে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রকল্পটির কাজও শুরু হয়েছিল।
অ্যাটর্নি জেনারেল প্রকল্পটির পটভূমি তুলে ধরে বলেন, তৎকালীন প্রধান বিচারপতির অনুমতি নিয়ে এটি গ্রহণ করা হয়েছিল। সে সময় তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরে রাজনৈতিক কারণে প্রকল্পটির কাজ আর এগোয়নি বলে জানান তিনি।
প্রকল্পটি পুনরায় চালুর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধান বিচারপতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে ভবন নির্মাণের নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে জমা দিতে নির্দেশ দেন।
সাক্ষাতে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণের প্রস্তাবও দেওয়া হয়। এতে ইতিবাচক মনোভাব দেখান প্রধান বিচারপতি।
এ ছাড়া আইনজীবী সমিতি প্রাঙ্গণের চলাচলের রাস্তা, করিডোর ও ড্রেনের দুরবস্থার বিষয়টি তুলে ধরা হয়। এসব অবকাঠামো দ্রুত সংস্কারের নির্দেশনা দেন তিনি।
আইনজীবীদের নামাজের জায়গার সংকট নিয়েও আলোচনা হয়। এ সময় তিনি বলেন, ‘ভবন ২০২০’ প্রকল্প বাস্তবায়িত হলে আইনজীবীদের বসার জায়গাসহ আরও অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।
ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের সুযোগ সুবিধা বাড়ানো এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি।
আইনজীবী সমিতির সদস্যদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। একই সঙ্গে আইন পেশার মর্যাদা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে বিচারক ও আইনজীবীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারে সবার সহযোগিতা কামনা করেন।

