Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাষ্ট্রের তৃতীয় স্তম্ভে কেন কম বরাদ্দ: বিচার বিভাগ দেয় বেশি, ফিরে পায় নামমাত্র
    মতামত

    রাষ্ট্রের তৃতীয় স্তম্ভে কেন কম বরাদ্দ: বিচার বিভাগ দেয় বেশি, ফিরে পায় নামমাত্র

    নিউজ ডেস্কনভেম্বর 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাষ্ট্রের তিনটি অঙ্গ: আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ। তিনটির ভারসাম্যেই রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। অথচ এর একটি অঙ্গ বছরের পর বছর চলছে মোট বাজেটের এক শতাংশের অর্ধেকেরও কম বরাদ্দ নিয়ে।

    মাননীয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মনে করিয়ে দিয়েছেন, বিচার বিভাগ নানাভাবে রাষ্ট্রকে প্রায় ১৫ হাজার কোটি টাকা জোগান দেয়। বিপরীতে ২০২৬-২৭ অর্থবছরে আইন ও বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে বরাদ্দ প্রায় আড়াই হাজার কোটি টাকা।

    এই লেখা কাউকে দোষারোপের জন্য নয়। উদ্দেশ্য একটাই, সরকার ও জনগণের সামনে বিচার বিভাগের বর্তমান অবস্থাটা তুলে ধরা। কারণ বিচার বিভাগ দুর্বল থাকলে তার দাম শেষ পর্যন্ত দেয় সাধারণ মানুষ।

    সংখ্যায় বিচার বিভাগের বাজেট-

    মোট ১০০ টাকার বাজেটে বিচার বিভাগ পায় মাত্র ২৬ পয়সা। ২০২৬-২৭ অর্থবছরের হিসাব:

    • জাতীয় বাজেট: ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা

    • আইন ও বিচার বিভাগ: ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা

    • সুপ্রিম কোর্ট: ২৯১ কোটি ৩৮ লাখ টাকা

    • বিচার খাতে মোট: প্রায় ২ হাজার ৪৭৯ কোটি টাকা

    • অর্থাৎ মোট বাজেটের প্রায় ০.২৬ শতাংশ, জিডিপির প্রায় ০.০৪ শতাংশ।

    এটা এক বছরের চিত্র নয়। সুপ্রিম কোর্টের আইনজীবীদের একটি আইনি নোটিশ অনুযায়ী, গত দুই দশকে বিচার বিভাগের বরাদ্দ গড়ে মোট বাজেটের মাত্র ০.৪১ শতাংশ। অর্থাৎ জাতীয় বাজেট বড় হলেও এবারের ভাগ সেই কম গড়ের চেয়েও কম।

    তবে ইতিবাচক দিকটিও বলা দরকার। বর্তমান সরকার বিচার খাতে বরাদ্দ বাড়িয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় আইন ও বিচার বিভাগে প্রায় ২৮ কোটি এবং সুপ্রিম কোর্টে প্রায় ২১ কোটি টাকা বেশি দেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে আইন ও বিচার বিভাগের বরাদ্দ ছিল ১ হাজার ৯২৪ কোটি টাকা, সেখান থেকে এখন ২ হাজার কোটির ওপরে। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

    কিন্তু ৪৭ লাখ মামলার চাপের তুলনায় এই বৃদ্ধি এখনো যথেষ্ট নয়। একজন বিচারপ্রার্থীর কাছে বাজেটের সংখ্যা নয়, দ্রুত রায়টাই আসল কথা। তাই সরকারের এই ইতিবাচক যাত্রা আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানাই। জনগণের কল্যাণেই বিচার বিভাগের বাজেট আরও বাড়ানো দরকার। আরও একটি বিষয় মনে রাখা দরকার। আইন ও বিচার বিভাগের বরাদ্দের মধ্যে শুধু আদালত নয়, সরকারি আইনগত সহায়তা, সরকারের পক্ষে মামলা পরিচালনাসহ আরও কাজ রয়েছে। তাই আদালত চালানোর আসল বরাদ্দ এই সংখ্যার চেয়েও কম।

    অন্য দেশগুলো কত দেয়-

    আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশ অনেক পিছিয়ে। দেশগুলোর হিসাবের ধরন আলাদা, তাই সংখ্যাগুলো হুবহু তুলনীয় নয়, তবে পার্থক্যের মাত্রা পরিষ্কার।

    • বিশ্বের গড়: সরকারি ব্যয়ের ২ শতাংশের সামান্য কম (বিশ্বব্যাংক, ২০২৪)।

    • উচ্চ আয়ের ওইসিডি দেশ: সরকারি ব্যয়ের প্রায় ১.২ শতাংশ।

    • নিম্ন আয়ের দেশ: সরকারি ব্যয়ের প্রায় ১.৫ শতাংশ।

    • লাতিন আমেরিকা: সরকারি ব্যয়ের প্রায় ৩.৮ শতাংশ।

    • ইউরোপ: জিডিপির ০.৩১ শতাংশ, মাথাপিছু ৮৫.৪ ইউরো (কাউন্সিল অব ইউরোপ, ২০২৪)।

    • ভারত: জিডিপির ০.১৩ শতাংশ।

    • বাংলাদেশ: সরকারি ব্যয়ের ০.২৬ শতাংশ, জিডিপির প্রায় ০.০৪ শতাংশ।

    বিশ্বব্যাংকের হিসাবে গড় দেশ সরকারি ব্যয়ের যে অংশ বিচার খাতে দেয়, বাংলাদেশ দেয় তার মাত্র ছয় থেকে আট ভাগের এক ভাগ। জিডিপির হিসাবে ইউরোপের গড়ের তুলনায় আমাদের বরাদ্দ প্রায় আট ভাগের এক ভাগ, প্রতিবেশী ভারতের তুলনায়ও তিন ভাগের এক ভাগের কম।

    কয়েকটি লাতিন আমেরিকান দেশ সংবিধানেই বিচার বিভাগের ন্যূনতম বরাদ্দ বেঁধে দিয়েছে। যেমন প্যারাগুয়ে কেন্দ্রীয় প্রশাসনের বাজেটের অন্তত ৩ শতাংশ, আর কোস্টারিকা সাধারণ রাজস্বের অন্তত ৬ শতাংশ বিচার বিভাগকে দেয়। কাউন্সিল অব ইউরোপের প্রতিবেদনে আরও দেখা গেছে, ইউরোপের তুলনামূলক কম ধনী দেশগুলো জিডিপির বড় অংশ বিচারে ব্যয় করে। অর্থাৎ সম্পদ কম হলেও তারা বিচারকে অগ্রাধিকার দেয়।

    অর্থসংকটের ছাপ আদালতে-

    বাজেটের ঘাটতি সবচেয়ে স্পষ্ট দেখা যায় মামলাজটে। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সারা দেশে বিচারাধীন মামলা ছিল ৪৭ লাখ ৪২ হাজার ৭৩১টি। তার মধ্যে নিম্ন আদালতেই ৪০ লাখের বেশি।

    বিচারক কম, মামলা বেশি: অধস্তন আদালতে ২,৬২০টি পদের বিপরীতে কর্মরত মাত্র ১,৯৬৪ জন বিচারক। একজন বিচারকের কাঁধে গড়ে প্রায় ২ হাজার মামলা।

    *জনসংখ্যার তুলনায় বিচারক: গড়ে প্রায় ৭৮ হাজার মানুষের জন্য একজন বিচারক। শ্রীলঙ্কায় এই সংখ্যা ৫৫ হাজার, নেপালে ৬৩ হাজার।

    *সর্বোচ্চ আদালতেও চাপ: আগস্ট ২০২৬ শেষে হাইকোর্ট বিভাগে ৬ লাখ ৪৬ হাজারের বেশি আর আপিল বিভাগে প্রায় ৪০ হাজার মামলা অপেক্ষমাণ।

    *এজলাসকক্ষ ও অবকাঠামো: অনেক জেলায় একটি এজলাসকক্ষ পালা করে একাধিক বিচারক ব্যবহার করেন। বিচারপ্রার্থী, সাক্ষী ও নারী-শিশুদের বসার জায়গা, শৌচাগার ও নথিঘরের অভাব প্রকট।

    *সহায়ক কর্মচারীর ঘাটতি: বিচারক বাড়লেও পেশকার, স্টেনো, প্রসেস সার্ভারসহ কর্মচারী না বাড়লে মামলা এগোয় না। মাননীয় আইনমন্ত্রী নিজেও বিচারক ও এজলাসকক্ষের সংকট, দুর্বল অবকাঠামো ও সহায়ক কর্মচারীর ঘাটতিকে মামলাজটের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

    *দৈনন্দিন খরচের টান: সাক্ষ্য লিখতে গিয়ে কাগজ ফুরিয়ে যাওয়ায় শুনানি পিছাতে হয়েছে, এমন উদাহরণও পত্রিকায় এসেছে।

    *পিছিয়ে পড়া ডিজিটাইজেশন: ই-ফাইলিং, ভার্চুয়াল শুনানি ও ডিজিটাল নথির জন্য নিয়মিত বরাদ্দ দরকার। বিশ্বব্যাংকের হিসাবে নিম্ন-মধ্যম আয়ের দেশগুলো বিচার বাজেটের মাত্র ১.৩ শতাংশ কম্পিউটারায়নে খরচ করে, উচ্চ আয়ের দেশগুলো করে ৫.৬ শতাংশ।

    *গাড়ি নেই, রিকশায় বিচারক: অনেক জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচারকের গাড়ি নেই। তাঁদের রিকশায় করে আদালতে যাতায়াত করতে হয়। যিনি সকালে হত্যা, মাদক বা সন্ত্রাসের মামলায় রায় দেন, বিকেলে তিনি নিরাপত্তাহীন অবস্থায় রিকশায় বাসায় ফেরেন। নিরাপত্তাহীন রেখে কি নির্ভয়ে বিচার করা যায়? বিচারকের নিরাপত্তা তাঁর ব্যক্তিগত সুবিধা নয়, নিরপেক্ষ বিচারের পূর্বশর্ত। অনেক জেলায় বিচারকদের আবাসনও পর্যাপ্ত নয়।

    ক্ষতিটা শেষে জনগণের-

    বিচার বিলম্বিত হলে সবচেয়ে বেশি ভোগেন গরিব বিচারপ্রার্থী। প্রতিটি বাড়তি তারিখ মানে আরও একদিনের কাজ ফেলে আদালতে আসা, আরও যাতায়াত খরচ, আরও উকিলের ফি। অনেক মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলছে।

    বিচারে দেরি শুধু ব্যক্তিগত কষ্ট নয়, অর্থনীতিরও ক্ষতি। জমি নিয়ে মামলা চললে জমি অলস পড়ে থাকে। অর্থঋণ আদায়ের মামলা আটকে থাকলে ব্যাংকের টাকা ফেরত আসে না। চুক্তি কার্যকর করা নিয়ে সন্দেহ থাকলে বিনিয়োগকারী দ্বিধায় পড়েন। তাই বিচার বিভাগে বরাদ্দ খরচ নয়, বিনিয়োগ। যে বিভাগ রাজস্বে বড় জোগান দেয়, তার সক্ষমতা বাড়ালে সে বিনিয়োগ বহুগুণে ফিরে আসবে।

    সমাধানের পথ: কয়েকটি প্রস্তাব

    সরকার ইতিমধ্যে মামলাজট কমাতে কিছু ভালো উদ্যোগ নিয়েছে। মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা, এসএমএস ও ভয়েস কলে সমন জারির মতো আইনি সংস্কার এসেছে। মাননীয় আইনমন্ত্রী প্রয়োজন অনুযায়ী বিচারক নিয়োগের কথাও বলেছেন। এই উদ্যোগগুলো সফল করতে দরকার টেকসই অর্থের জোগান।

    ১. ধাপে ধাপে বরাদ্দ বাড়ানো: আগামী পাঁচ বছরে মোট বাজেটের অন্তত ১ শতাংশে পৌঁছানোর একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ।

    ২. বিচার বিভাগের আয়ের একটি অংশ ফিরিয়ে দেওয়া: কোর্ট ফি, জরিমানা ও অন্যান্য উৎস থেকে আসা আয়ের একটি নির্দিষ্ট শতাংশ আদালতের অবকাঠামো ও ডিজিটাইজেশনের জন্য নির্দিষ্ট রাখা।

    ৩. শূন্য পদ পূরণ ও নতুন পদ সৃষ্টি: বিচারকের সঙ্গে সমানুপাতে সহায়ক কর্মচারীর পদও বাড়ানো।

    ৪. এজলাসকক্ষ, আবাসন, গাড়ি ও নিরাপত্তার নির্দিষ্ট পরিকল্পনা: জেলাওয়ারি চাহিদা নিরূপণ করে বহুবছরের উন্নয়ন পরিকল্পনা। অন্তত জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার সব বিচারকের জন্য গাড়ি অগ্রাধিকার পাওয়া উচিত।

    ৫. ডিজিটাইজেশনে নিয়মিত বরাদ্দ: একবারের প্রকল্প নয়, প্রতি বছরের বাজেটে আলাদা খাত।

    ৬. বাজেট প্রণয়নে বিচার বিভাগের ভূমিকা: প্রকৃত চাহিদা যাঁরা জানেন, তাঁদের মতামত নিয়ে বাজেট তৈরি হলে প্রতিটি টাকার স্বচ্ছ ও কার্যকর ব্যবহার হবে। বিশ্বব্যাংকও বিচার বাজেটে এই প্রবণতাকে সংস্কারের মূল ধারা বলে চিহ্নিত করেছে।

    ৭. কর্মফলভিত্তিক জবাবদিহিতা: বাড়তি বরাদ্দের সঙ্গে মামলা নিষ্পত্তির লক্ষ্য ও বার্ষিক প্রকাশ্য প্রতিবেদন, যাতে জনগণ ফলাফল দেখতে পায়।

    শেষ কথা-

    বিচার বিভাগ রাষ্ট্রের আস্থার জায়গা। মানুষ যখন সব জায়গায় হারে, তখন আদালতে আসে। সেই আস্থা রক্ষার দায় শুধু বিচারকদের নয়, রাষ্ট্রের সব অঙ্গের। বিচার বিভাগ রাষ্ট্রকে যা দেয়, তার একটা ন্যায্য অংশ ফিরে পেলে মামলাজট কমবে, বিচার দ্রুত হবে, আর সুফল পাবে পুরো দেশ। আশা করি, সরকার ও সংসদ আগামী বাজেটে এই বাস্তবতা বিবেচনায় নেবে।

    লেখক : রাজু আহমেদ বাবু; অতিরিক্ত জেলা ও দায়রা জজ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড

    নভেম্বর 25, 2026
    আন্তর্জাতিক

    ইরানকে দুর্বল করার অপেক্ষায় কতটা দুর্বল হচ্ছে উপসাগরীয় অর্থনীতি?

    নভেম্বর 25, 2026
    স্বাস্থ্য

    মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য বাজারে ছাড়ার অভিযোগ: নবজাতকের জীবনের দায় নেবে কে?

    নভেম্বর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.