নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুটির ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালনপালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল কবির রুবেল বিবিসি বাংলাকে বলেন, বিচার কার্যক্রম শুরুর মাত্র দুই মাসের মধ্যে মামলাটির রায় হয়েছে। আদালতের নির্দেশে ধর্ষণের শিকার শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছিল। এখন তাকে মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর বিকেলে মাদ্রাসার ছুটির পর শিক্ষক আমানুল্লাহ শিশুটিকে মসজিদের বারান্দা পরিষ্কার করতে বলেন। পরে বারান্দার পাশের একটি কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে তার মুখ চেপে ধরে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, পরবর্তী কয়েক দিনও শিশুটিকে ধর্ষণ করেন তিনি।
এ ঘটনায় চলতি বছরের ২৩ এপ্রিল শিশুটির পরিবার মদন থানায় মামলা করে। পরে ২ জুলাই একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।
নবজাতকের পিতৃত্ব নিশ্চিত করতে আদালতের নির্দেশে জুলাই মাসে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় নবজাতকের ডিএনএর সঙ্গে আমানুল্লাহর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
রায়ে আদালত শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়েও পর্যবেক্ষণ দিয়েছেন। পর্যবেক্ষণে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের মাধ্যমে শিশুদের যৌন হয়রানি, ধর্ষণ ও অন্যান্য যৌন নির্যাতনের ঘটনা নিয়মিত গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব ঘটনা সমাজকে ব্যথিত ও উদ্বিগ্ন করছে।

