ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাঁকে বদলির আদেশ দিয়েছে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়।
বুধবার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২২ অক্টোবর রাতে সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানায় বাগবিতণ্ডায় জড়ানোর পর আলোচনায় আসেন মঞ্জুর কাদের ভূঁইয়া। ঘটনার প্রায় ২০ দিন পর তাঁকে বদলি করা হলো।
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে সেদিন রাতে থানায় যান রুমিন ফারহানা। এ সময় তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেন মঞ্জুর কাদের ভূঁইয়া। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ।
এর আগে, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে গত ৩০ অক্টোবর মঞ্জুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয় সমিতি। তবে তাঁর দাবি, পুলিশে যোগ দেওয়ার আগেই সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। নোটিশের জবাবে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন বলে জানান তিনি।
জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ ডিসেম্বর সরাইল থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন মঞ্জুর কাদের ভূঁইয়া। তাঁর বদলির পর সরাইল থানায় নতুন ওসি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, তা এখনো জানা যায়নি।

