কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে মো. মোবারক হোসেন নামে এক কবিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুল মোতালেব মজুমদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত মোবারক হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি কুমিল্লা নগরের বাগিচাগাঁও এলাকায় বসবাস করতেন। ঝাড়ফুঁক ও কবিরাজির পাশাপাশি তিনি নগরের বাবুস সালাম জামে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া ও তাঁর মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঘটনার দিনই অভিযান চালিয়ে মোবারককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রাতে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জবানবন্দিতে মোবারক জানান, ঝাড়ফুঁক দেওয়ার সূত্রে সুমাইয়ার পরিবারের সঙ্গে তাঁর পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।
জবানবন্দি অনুযায়ী, সুমাইয়াকে ঝাড়ফুঁক দেওয়ার সময় তাঁকে ধর্ষণের চেষ্টা করেন মোবারক। এ সময় তাঁর মা বিষয়টি দেখে ফেললে প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে সুমাইয়াকেও হত্যা করেন।

