মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে ছয়টি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে প্রতিটি অভিযান ভিডিওতে ধারণ করতে হবে। জব্দ করা পণ্যের হিসাব সংরক্ষণ, আপিল মামলা পরিচালনায় নির্ধারিত আইনজীবী নিয়োগ এবং জেলা পর্যায়ে চার সদস্যের মিডিয়া সেল গঠনও বাধ্যতামূলক করা হয়েছে।
গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ পরিপত্র জারি করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম এতে সই করেন। পরিপত্রটি অবিলম্বে কার্যকর হয়েছে।
এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মোবাইল কোর্টের সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত বাস্তবায়নে নতুন নির্দেশনাগুলো দেওয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, প্রতিটি অভিযানের ভিডিও ফুটেজ মামলার নম্বর ও তারিখ উল্লেখ করে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি শাখা এবং সংশ্লিষ্ট সংস্থায় সংরক্ষণ করতে হবে। ফুটেজের একটি অনুলিপি জেলা মিডিয়া সেলেও পাঠাতে হবে। কোনো আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজন অনুযায়ী এসব ভিডিও আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।
অভিযানে জব্দ করা পণ্য সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিরাপদ স্থান নির্ধারণ করতে হবে। পণ্য গ্রহণ, তদারকি এবং আদালতের প্রয়োজনে সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট কর্মকর্তাদের দিতে হবে। প্রতিটি পণ্যের বিবরণ নির্ধারিত রেজিস্টারে লিখতে হবে।
রেজিস্টারে সংশ্লিষ্ট সহকারী কমিশনারের স্বাক্ষর থাকতে হবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মাসে অন্তত একবার সরেজমিনে পণ্য পরীক্ষা করে তা সত্যায়ন করতে হবে। দ্রুত নষ্ট হয় এমন পণ্য প্রচলিত নিয়মে নিষ্পত্তি করতে হবে।
মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানিতে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা সরকারি কৌঁসুলি (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পিপিদের (এপিপি) মধ্য থেকে আইনজীবী নির্ধারণ করবেন। তাঁদের নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে। মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় নথি সরবরাহের সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুরো প্রক্রিয়া তদারক করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয় কর্মচারীদের মধ্য থেকে পেশকারের দায়িত্ব দিতে হবে। এ জন্য লিখিত আদেশ জারি করতে হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাসের মধ্যে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের তালিকাও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।
জনসাধারণকে মোবাইল কোর্টের কার্যক্রম সম্পর্কে তথ্য জানাতে প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল গঠন করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই সেলের নেতৃত্ব দেবেন। জেলা তথ্য অফিস ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এর সদস্য থাকবেন।
মিডিয়া সেল অভিযানের ছবি, ভিডিও ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। সেগুলো সম্পাদনার পর সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের দায়িত্বও পালন করবে সেলটি। প্রয়োজনে এ কাজে কারিগরি সহায়তা নেওয়া যাবে।

