বরিশালের উজিরপুরে মুসলিম বাল্যবন্ধুর জানাজায় অংশ না নিয়ে সেতুর ওপর দাঁড়িয়ে নীরবে শেষ বিদায় দেখেছেন হিন্দু বীর মুক্তিযোদ্ধা সুরেশ (৭০)। ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখেই বন্ধুকে শেষবারের মতো দেখতে এসেছিলেন তিনি। দুই ভিন্ন ধর্মের মানুষের দীর্ঘদিনের বন্ধুত্বের এই দৃশ্য আবেগাপ্লুত করেছে স্থানীয়দের।
ঘটনাটি ঘটেছে উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে। সম্প্রতি বার্ধক্যজনিত কারণে মারা যান কৃষক হাকিম ডাকুয়া (৭০)। তাঁর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন দীর্ঘদিনের বাল্যবন্ধু সুরেশ।
বন্ধুর জানাজা চলছিল সেতুর নিচে। সুরেশ সেখানে উপস্থিত হলেও ধর্মীয় রীতির প্রতি সম্মান জানিয়ে জানাজায় অংশ নেননি। সেতুর এক পাশে নীরবে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে বন্ধুর শেষ বিদায় দেখেন তিনি।
শৈশব থেকে গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্ক আর প্রিয়জনকে হারানোর বেদনা সুরেশের নীরব উপস্থিতিতে স্পষ্ট হয়ে ওঠে। শেষবারের মতো বন্ধুকে একনজর দেখতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন তিনি।
স্থানীয়দের মতে, সুরেশের এই উপস্থিতি ধর্মীয় সম্প্রীতি ও মানবিক বন্ধুত্বের একটি সুন্দর দৃষ্টান্ত। তাঁদের ভাষ্য, ধর্মীয় পরিচয় আলাদা হলেও মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও বন্ধুত্বের সম্পর্ক সেই বিভাজন অতিক্রম করতে পারে।
হাকিম ডাকুয়ার মৃত্যুতে দুই বন্ধুর দীর্ঘদিনের পথচলা থেমে গেলেও তাঁদের সম্পর্কের স্মৃতি স্থানীয়দের মনে থেকে যাবে।

