কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা বিস্ফোরণ বা নাশকতার সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান। তিনি বলেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি সবার জন্য উদ্বেগের। সরকার ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ইতোমধ্যে একটি যৌথ তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। বাড়িটি সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে। অগ্নিকাণ্ডের শিকার টিনশেড আধা-পাকা বাড়িটি থেকে ২০ মিটার দূরে তাঁর বাবা-মা একটি তিনতলা বাড়িতে থাকেন। টিনশেড বাড়িটিতে কেউ বসবাস করতেন না। সেখানে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল।
আগুন লাগার খবর পেয়ে পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার (এসপি) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার কারণ অনুসন্ধানে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে পেট্রোল বোমা ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ধরনের বিস্ফোরণের শব্দ শোনার তথ্যও মেলেনি। দেয়ালে পেট্রোল বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীও পেট্রোল বোমা ব্যবহারের কথা জানাননি।
তবে বাড়িটি পুরোনো এবং এর বৈদ্যুতিক সংযোগের তার দুর্বল হওয়ায় শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে এই সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাবে না।
অগ্নিকাণ্ডে বাড়িটিতে থাকা কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় পুড়ে গেছে। মারা গেছে দুটি ছাগলও। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জিডির ভিত্তিতে তদন্ত চালাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ঘটনার পেছনে নাশকতার উদ্দেশ্য থাকলে এবং অধিকতর তদন্তে তা প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

