ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে এ সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) শুনানি শেষে চেম্বার জজ আদালত এ আদেশ দেন। ফলে গত ১৯ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জারি করা কমিটি বাতিলের নির্দেশনা কার্যকর থাকছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, ১৯ অক্টোবর এক পত্রের মাধ্যমে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের নির্দেশনা দেওয়া হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন নম্বর ১৫৩২১/২০২৬ দায়ের করা হয়।
রিটের প্রাথমিক শুনানি শেষে গত ১০ নভেম্বর হাইকোর্ট বিশ্ববিদ্যালয়ের ওই সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে সিএমপি নম্বর ১০৩৭/২০২৬ দায়ের করা হয়।
বুধবার শুনানি শেষে চেম্বার জজ আদালত হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা স্থগিত করেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের কমিটি বাতিলের নির্দেশনা আবার কার্যকর থাকে।
এদিকে আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অধিভুক্ত সব ফাজিল ও কামিল মাদ্রাসাকে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে।

