Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও, খসড়া আইনে ছয় মাসের কারাদণ্ডের প্রস্তাব
    আইন আদালত

    প্রাণীকে উত্ত্যক্ত করে ভিডিও, খসড়া আইনে ছয় মাসের কারাদণ্ডের প্রস্তাব

    নিউজ ডেস্কনভেম্বর 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়াতে প্রাণীকে ভয় দেখিয়ে বা উত্ত্যক্ত করে ভিডিও তৈরি করছেন একশ্রেণির কনটেন্ট নির্মাতা। কখনো ড্রোন উড়িয়ে বন্য প্রাণীর পিছু নেওয়া হচ্ছে, কখনো ঘুমন্ত কুকুরের লেজে বেলুন বেঁধে ফাটানো হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রাণিকল্যাণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত সংশোধনীতে প্রাণীকে বিরক্ত বা আতঙ্কিত করে ভিডিও তৈরি ও প্রচার করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখার কথা বলা হয়েছে।

    শুধু ভিডিও তৈরি বা প্রচার নয়, এ কাজে সহযোগিতা করলেও শাস্তির আওতায় আনার প্রস্তাব রয়েছে। ঘুমন্ত, বিশ্রামরত কিংবা শারীরিক সংসর্গে থাকা প্রাণীকে উত্ত্যক্ত করে কনটেন্ট তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়াকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে খসড়ায়। প্রস্তাবিত বিধান অনুযায়ী, এটি হবে আমলযোগ্য অপরাধ।

    কনটেন্টের জন্য প্রাণীকে আতঙ্কিত করার ঘটনা

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে প্রাণীকে উত্ত্যক্ত করার ঘটনা দেখা গেছে। একটি ভিডিওতে শর্ষেখেতে বিশ্রাম নেওয়া শিয়ালের মাথার কাছাকাছি ড্রোন উড়তে দেখা যায়। ভয়ে শিয়ালটি দৌড়াতে শুরু করে। চলতি বছরের মে মাসে ‘বাংলার ড্রোন’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। ‘শিয়ালের সঙ্গে ড্রোনের মজার লড়াই’ শিরোনামের ভিডিওটি সাত লাখের বেশি বার দেখা হয়েছে। ওই পেজে শিয়াল ও শিয়ালের পরিবারকে উত্ত্যক্ত করে তৈরি করা আরও অনেক ভিডিও রয়েছে।

    অন্য একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে ঘুমিয়ে থাকা একটি কুকুরের লেজে ক্লিপ দিয়ে কয়েকটি বেলুন বেঁধে দেওয়া হয়। পরে দূর থেকে ঢিল ছুড়ে বেলুনগুলো ফাটানো হলে বিকট শব্দে কুকুরটির ঘুম ভেঙে যায়। আতঙ্কিত প্রাণীটি ছোটাছুটি শুরু করে। ভিডিওটি প্রায় পাঁচ লাখ বার দেখা হয়েছে।

    এ ধরনের ভিডিও তৈরির জন্য শুধু গৃহপালিত প্রাণী নয়, বন্য প্রাণীকেও উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। শিয়ালের পিছু নিতে ড্রোন ব্যবহার এবং বনের কাছাকাছি গিয়ে হাতিকে লোকালয়ে বের করে আনার মতো ঘটনাও সামনে এসেছে।

    খসড়ায় নতুন অপরাধের সংযোজন

    প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৬ ধারায় আগে ১৪টি উপধারা ছিল। সংশোধিত খসড়ায় নতুন করে (ণ) উপধারা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এতে প্রাণীকে উত্ত্যক্ত করে কনটেন্ট তৈরি ও প্রচারের বিষয়টি অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    প্রস্তাবিত বিধান অনুযায়ী, প্রাণীর সামনে প্রতিবিম্ব তৈরি করে কিংবা তার শরীরে কোনো বস্তু সেঁটে দিয়ে ভয় দেখিয়ে ভিডিও তৈরি ও প্রচার করলেও একই শাস্তি হতে পারে। এ ধরনের কনটেন্ট তৈরিতে সহযোগিতা করাও অপরাধ হিসেবে গণ্য হবে।

    প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, প্রাণিকল্যাণ আইনের সংশোধিত খসড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অংশীজনদের মতামত নেওয়ার জন্য খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মতামত পাওয়ার পর প্রয়োজনীয় সংযোজন ও বিয়োজন শেষে এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে।

    তিনি বলেন, প্রাণীর প্রতি বিভিন্ন ধরনের নিষ্ঠুরতা বন্ধ এবং সরকারের অভিপ্রায় অনুযায়ী আইনটিকে সময়োপযোগী করতেই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

    সাত ধরনের অপরাধ আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাব

    বর্তমান প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এ প্রাণীর প্রতি নিষ্ঠুরতার কয়েকটি অপরাধ অ-আমলযোগ্য ও জামিনযোগ্য। সংশোধিত খসড়ায় সাতটি উপধারায় বর্ণিত অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাব রয়েছে।

    খসড়ার ৬ ধারার (চ) উপধারায় অসুস্থ প্রাণীকে কিংবা হত্যার উদ্দেশ্যে কোনো প্রাণীকে লোকালয়ে ছেড়ে দেওয়াকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। (ছ) উপধারায় প্রাণীকে টোপ হিসেবে ব্যবহার, লড়াইয়ে নিয়োজিত করা কিংবা লড়াইয়ে প্ররোচিত করার বিষয়টি রয়েছে।

    একই ধারার (ঞ) উপধারায় গুলি বা তির ছোড়ার প্রতিযোগিতায় প্রাণীকে লক্ষ্যবস্তু হিসেবে ব্যবহার কিংবা বিদ্ধ করার জন্য প্রাণীকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে ক্ষুধা, তৃষ্ণা বা নিষ্ঠুরতার কারণে ব্যথায় ভুগতে থাকা প্রাণীকে চিকিৎসা না করিয়ে বিক্রি করলেও অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব রয়েছে (ট) উপধারায়।

    এ ছাড়া খসড়ায় ৭ ধারার ২ উপধারায় মালিকবিহীন প্রাণী হত্যা এবং ১০ ধারার ১ উপধারায় প্রাণীর শরীর থেকে সংবেদনশীল টিস্যু অপসারণ, অঙ্গ কেটে ফেলা বা শারীরিক কাঠামোয় পরিবর্তন আনার অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করার প্রস্তাব রয়েছে। এসব অপরাধের চেষ্টা করা বা সহযোগিতা করলেও শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে।

    প্রাণীর জন্য ক্ষতিকর জেনেও ওষুধ, খাবার বা বিষাক্ত খাবার খাওয়ানো কিংবা বিষ প্রয়োগের কারণে প্রাণী মারা গেলে, স্থায়ীভাবে অঙ্গহানি হলে বা স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হলে তা ১১ ধারার ১ উপধারা অনুযায়ী আমলযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ করার প্রস্তাব রয়েছে। তবে যৌক্তিক প্রয়োজনে ভেটেরিনারি সার্জনের লিখিত পরামর্শ ও নির্দেশিত পদ্ধতি অনুসরণ করে প্রাণীকে অজ্ঞান করা বা ব্যথাহীন মৃত্যু ঘটানোর ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে না।

    জরিমানা ও কারাদণ্ড বাড়ানোর প্রস্তাব

    সংশোধিত খসড়ায় কয়েকটি অপরাধের শাস্তিও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমান আইনে প্রাণীকে প্রয়োজনীয় খাবার না দেওয়া, জোর করে অতিরিক্ত খাবার খাওয়ানো, মালিকবিহীন প্রাণী হত্যা এবং শারীরিকভাবে অনুপযুক্ত প্রাণীকে ভার বহনে ব্যবহার করার মতো অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। খসড়ায় কারাদণ্ডের মেয়াদ অপরিবর্তিত রেখে জরিমানার পরিমাণ বাড়িয়ে দুই লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

    প্রাণীর ক্ষতির উদ্দেশ্যে শরীর থেকে সংবেদনশীল টিস্যু অপসারণ, অঙ্গ কেটে ফেলা বা শারীরিক কাঠামোয় পরিবর্তন আনার অপরাধে বর্তমানে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। সংশোধিত খসড়ায় তা বাড়িয়ে তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে।

    বিষাক্ত খাবার বা ওষুধ প্রয়োগের কারণে প্রাণীর মৃত্যু বা অঙ্গহানি ঘটলেও একইভাবে শাস্তি বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রাণীকে টোপ হিসেবে ব্যবহার, গুলি বা তির ছুড়ে বিদ্ধ করা এবং নিষ্ঠুরতার কারণে অসুস্থ প্রাণীকে চিকিৎসা না করিয়ে বিক্রি করার ক্ষেত্রেও সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

    পথপ্রাণী হত্যা ও অপসারণ নিয়ে উদ্বেগ

    প্রাণিকল্যাণ আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রাণী অধিকারকর্মীরা। তবে খসড়ার কিছু বিধানের অপব্যবহারের আশঙ্কাও রয়েছে তাঁদের।

    পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল হক এমিল বলেন, প্রাণিকল্যাণ আইন, ২০১৯ দেশের প্রাণীদের সুরক্ষায় প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। নতুন সংশোধনীতে কিছু অপরাধকে আমলযোগ্য ও অজামিনযোগ্য করা এবং শাস্তি বাড়ানোর প্রস্তাব ইতিবাচক।

    তবে প্রস্তাবিত আইনের ৭ ধারার ১ উপধারায় প্রাণী হত্যা ও অপসারণের সুযোগ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বিধানের অপব্যবহারের আশঙ্কা রয়েছে। বিশেষ করে পথকুকুরের ক্ষেত্রে হত্যা ও অপসারণের ঘটনা বেশি ঘটে। আইনটি চূড়ান্ত করার আগে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

    সংশোধিত খসড়াটি এখনো চূড়ান্ত আইন নয়। অংশীজনদের মতামত, মন্ত্রণালয়ের পর্যালোচনা ও আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এতে পরিবর্তন আসতে পারে। তাই প্রস্তাবিত শাস্তি ও অপরাধের বিধান কার্যকর হবে আইনটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়ে কার্যকর হওয়ার পর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    ত্রুটি সংশোধনে ২০২৭ সালে নতুন বাণিজ্যিক আদালত আইন হচ্ছে: অ্যাটর্নি জেনারেল

    নভেম্বর 14, 2026
    আইন আদালত

    আজ রুদ্র, কাল অন্য কেউ

    নভেম্বর 14, 2026
    আইন আদালত

    উচু পদ দিয়ে শ্রমিকের অধিকার কেড়ে নেয়া, নতুন শ্রম আইনে তত্ত্বাবধায়কদের অধিকার

    নভেম্বর 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.