২০২৬ সালে প্রণীত বাণিজ্যিক আদালত আইনে বেশ কিছু ত্রুটি ও অসংগতি চিহ্নিত হয়েছে। সেগুলো সংশোধন করে ২০২৭ সালে নতুন বাণিজ্যিক আদালত আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগকারীদের হয়রানি করতে অনেক ক্ষেত্রে ফৌজদারি মামলা ও বিচারিক প্রক্রিয়া ব্যবহার করা হয়। নতুন আইনের মাধ্যমে এ ধরনের হয়রানি বন্ধ করে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্য নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাণিজ্যিক আদালত আইন সংস্কারবিষয়ক অংশীজন সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। সরকারের অন্যতম লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। এ লক্ষ্য অর্জনে বিভিন্ন আইনি ও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে।
বিনিয়োগকারীদের জন্য একক সেবা
বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার জন্য নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে ‘ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্ট, ২০২৬’ অন্যতম বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তাঁর ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে বিদেশি কোম্পানি ও বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন প্রশাসনিক সেবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একক সেবাব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। এতে বিনিয়োগকারীদের বিভিন্ন দপ্তরে ঘুরে সেবা নেওয়ার ভোগান্তি কমবে এবং বিনিয়োগের পরিবেশ উন্নত হবে।
বাণিজ্যিক বিরোধে ফৌজদারি মামলা নিয়ে উদ্বেগ
বাণিজ্যিক আদালত আইনের ত্রুটি পর্যালোচনা করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে রুহুল কুদ্দুস কাজল বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, বিদেশি বিনিয়োগের সুরক্ষা এবং কর্মসংস্থান বাড়ানো এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি অভিযোগ করেন, অনেক সময় ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে বিদেশি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। বিচারিক প্রক্রিয়াও তাঁদের হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। নতুন আইন কার্যকর হলে এ ধরনের পরিস্থিতি থেকে বিনিয়োগকারীরা সুরক্ষা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিদেশি অভিজ্ঞতা বিবেচনায় নেওয়ার পরামর্শ
আইন সংস্কারের ক্ষেত্রে অন্যান্য দেশের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, অংশীজন সভায় বিদেশি প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা ও উদ্বেগ তুলে ধরেছেন। কানাডার প্রতিনিধির দেওয়া উদাহরণও বিবেচনা করা যেতে পারে। বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে উন্নত দেশগুলো যেসব কার্যকর আইন ও কাঠামো অনুসরণ করছে, সেগুলো পর্যালোচনা করে বাংলাদেশের উপযোগী ব্যবস্থা নেওয়া হবে।
আইনের বাস্তবায়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব
বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুহুল কুদ্দুস কাজল বলেন, বিনিয়োগকারীদের আস্থা অর্জনে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
সম্প্রতি ওয়াশিংটনে ৩৯টি দেশের বিচারমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ হয়েছিল বলেও জানান তিনি। ওই অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর কার্যকর প্রয়োগও নিশ্চিত করতে হবে। আইনের যথাযথ বাস্তবায়নই বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের অন্যতম প্রধান শর্ত।
তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের স্বার্থও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা দিতে গিয়ে দেশীয় বিনিয়োগকারীরা যেন বঞ্চিত না হন, তা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে ২৫ শতাংশের থ্রেশহোল্ডসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।
অংশীজনদের সঙ্গে আরও আলোচনা ও পরামর্শের মাধ্যমে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য কার্যকর ও ভারসাম্যপূর্ণ আইনি কাঠামো তৈরি করা সম্ভব বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল।

