মক্কেলের অপরাধের দায় আইনজীবীর নয়। রাজনৈতিক পরিচয় দেখে কাউকে ধরে এনে অপমান ও শারিরীক হেনস্থা করা আইনের শাসন নয়, মবের শাসন।
একজন আইনজীবী তাঁর মক্কেলের অপরাধের দায় বহন করেন না। তিনি আদালতে দাঁড়ান বিচারপ্রক্রিয়ার অংশ হিসেবে, অপরাধকে বৈধতা দিতে নয়। অথচ একজন আইনজীবীকে তাঁর পেশাগত দায়িত্ব পালনের কারণে বাসা থেকে তুলে এনে সন্তানের সামনে অপমানিত ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এই ঘটনা শুধু একজন আইনজীবীর ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন নয়; এটি বাংলাদেশের বিচারব্যবস্থা, পেশাগত স্বাধীনতা ও আইনের শাসনের জন্য গভীর উদ্বেগের বিষয়।
একটি সভ্য রাষ্ট্রে অপরাধের বিচার হয় আদালতে, অভিযোগের নিষ্পত্তি হয় প্রমাণের ভিত্তিতে এবং শাস্তি নির্ধারণ করেন বিচারক। সেখানে কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠী যদি নিজেরাই বিচারক, তদন্তকারী ও শাস্তিদাতার ভূমিকা নিতে শুরু করে, তাহলে রাষ্ট্রের আইনি কাঠামো কার্যত চ্যালেঞ্জের মুখে পড়ে।
গতরাতে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ রুদ্রকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাটি সেই উদ্বেগকেই সামনে নিয়ে এসেছে।
জামিনের আবেদন অপরাধ নয়, আইনজীবীর পেশাগত দায়িত্ব
রবিউল ইসলাম নয়নের অভিযোগ, অ্যাডভোকেট রুদ্র বিভিন্ন সময়ে বোমা হামলা ও বাস পোড়ানোর মতো নাশকতার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের জামিন পেতে সহায়তা করেছেন। অভিযোগটি সত্য ধরে নিলেও একটি মৌলিক প্রশ্ন থেকে যায়: কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির পক্ষে আদালতে আইনি লড়াই করা কি অপরাধ?
উত্তর পরিষ্কার: না।
আইনজীবীর কাজ আসামির অপরাধ নির্ধারণ করা নয়; সেটি আদালতের কাজ। একজন আইনজীবী মক্কেলের পক্ষে জামিন চাইতে পারেন, যুক্তি উপস্থাপন করতে পারেন, সাক্ষ্য-প্রমাণের দুর্বলতা তুলে ধরতে পারেন। কিন্তু জামিন মঞ্জুর বা নামঞ্জুর করার ক্ষমতা একমাত্র আদালতের।
বাংলাদেশ বার কাউন্সিলের Canons of Professional Conduct and Etiquette-এর ৯ নম্বর নীতিতে স্পষ্ট বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির অপরাধ সম্পর্কে আইনজীবীর ব্যক্তিগত মত যা-ই হোক, তাঁর পক্ষে আত্মপক্ষ সমর্থনের দায়িত্ব নেওয়া আইনজীবীর অধিকার। কারণ, তা না হলে সন্দেহের শিকার নির্দোষ ব্যক্তিও যথাযথ আইনি প্রতিরক্ষা থেকে বঞ্চিত হতে পারেন।

এই নীতির তাৎপর্য গভীর। আজ যাঁকে সমাজের বড় একটি অংশ অপরাধী মনে করছে, কাল আদালতে প্রমাণ হতে পারে তিনি নির্দোষ। আবার যাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তাঁরও ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। বিচারব্যবস্থার সৌন্দর্য এখানেই: জনপ্রিয়তা, রাজনৈতিক পরিচয় কিংবা জনতার ক্ষোভ নয়, প্রমাণ ও আইনই বিচারের ভিত্তি।
অতএব কোনো আসামির পক্ষে দাঁড়ানোর কারণে আইনজীবীকে অপরাধের সহযোগী বানিয়ে ফেলা শুধু পেশাগত নীতির পরিপন্থী নয়, ন্যায়বিচারের মৌলিক দর্শনেরও বিরোধী।
আইন কি ব্যক্তির রাজনৈতিক পরিচয় দেখে চলে?
বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদ প্রত্যেক নাগরিকের আইনের আশ্রয় ও আইন অনুযায়ী আচরণ পাওয়ার অধিকার নিশ্চিত করেছে। ৩২ অনুচ্ছেদে ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা দেওয়া হয়েছে। ৩৩(১) অনুচ্ছেদে গ্রেপ্তার ব্যক্তিকে তাঁর পছন্দের আইনজীবীর সঙ্গে পরামর্শ ও আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত না করার নিশ্চয়তা রয়েছে। আর ৩৫(৩) অনুচ্ছেদে স্বাধীন ও নিরপেক্ষ আদালতে দ্রুত ও প্রকাশ্য বিচারের অধিকার নিশ্চিত করা হয়েছে।
এই সাংবিধানিক অধিকারগুলো কেবল কোনো বিশেষ রাজনৈতিক দলের কর্মী, সমর্থক কিংবা নির্দোষ মানুষের জন্য নয়। এগুলো প্রত্যেক অভিযুক্ত ব্যক্তির অধিকার।
এখানে একটি বিষয় মনে রাখা দরকার। অ্যাডভোকেট রুদ্রের রাজনৈতিক অতীত থাকতে পারে। তিনি একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন, সেটিও প্রকাশ্য আলোচনার বিষয়। কিন্তু তাঁর রাজনৈতিক পরিচয় দিয়ে তাঁর পেশাগত দায়িত্বকে অপরাধ হিসেবে চিহ্নিত করার কোনো সুযোগ নেই। কোনো আইনজীবী আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত কিংবা অন্য যে মতাদর্শেরই অনুসারী হোন না কেন, আদালতে তাঁর পেশাগত অধিকার সমানভাবে সুরক্ষিত থাকার কথা।
| রাজনৈতিক পরিচয় অপরাধের প্রমাণ নয়। আর পেশাগত দায়িত্ব পালন অপরাধে সহযোগিতার সমার্থক নয়। |
গ্রেপ্তারের ক্ষমতা কি এখন রাজনৈতিক কর্মীদের হাতে?
ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক সম্ভবত এখানেই। প্রকাশিত সংবাদ অনুযায়ী, ১৩ নভেম্বর রাতে ঢাকার শান্তিনগর থেকে একদল ব্যক্তি রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে অ্যাডভোকেট রুদ্রকে আটক করে পল্টন থানায় নিয়ে যান। পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। থানায় নিয়ে যাওয়ার পর নয়নের বক্তব্যেও তাঁকে কত দিনে জামিন পেতে হয়, তা দেখার চ্যালেঞ্জের সুর পাওয়া যায়।

প্রশ্ন হলো, একজন নাগরিককে আটক করার আইনগত এখতিয়ার কার?
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৫৯ ধারায় সাধারণ ব্যক্তির গ্রেপ্তারের ক্ষমতা অত্যন্ত সীমিত। কোনো ব্যক্তি তাঁর চোখের সামনে জামিন-অযোগ্য ও আমলযোগ্য অপরাধ সংঘটিত হতে দেখলে অথবা কোনো ঘোষিত পলাতক অপরাধীকে শনাক্ত করলে তাঁকে আটক করে দ্রুত পুলিশের কাছে হস্তান্তর করতে পারেন। এর বাইরে ব্যক্তিগত ক্ষোভ, রাজনৈতিক পরিচয় কিংবা পেশাগত কর্মকাণ্ডের কারণে কাউকে আটক করার সাধারণ ক্ষমতা কোনো নাগরিকের নেই।
সুতরাং রুদ্রের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা গ্রেপ্তারের আইনগত ভিত্তি ছিল কি না, তা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট করা প্রয়োজন। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ঘটনার সময় পুলিশও তাঁর বিরুদ্ধে মামলা আছে কি না, তা যাচাই করার কথা জানিয়েছিল।
| কোনো অপরাধের অভিযোগ থাকলে পুলিশ তদন্ত করবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং আদালত বিচার করবেন। কিন্তু রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে ধরে এনে অপমান করা কিংবা নিজেরাই তাঁর মুক্তির সময় নির্ধারণের ঔদ্ধত্য দেখানো কোনোভাবেই আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। |
আইনজীবীকে অপমান করা মানে বিচারব্যবস্থাকে অপমান করা
ব্যক্তিগত পরিচয়ের বাইরেও অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ রুদ্রের একটি সাংবিধানিক ও পেশাগত পরিচয় আছে। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত নির্বাহী সদস্য। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আইন অনুযায়ী তদন্ত হতে পারে, মামলা হতে পারে, আদালতে বিচার হতে পারে। কিন্তু একজন আইনজীবীকে বাসা থেকে তুলে এনে পরিবারের, বিশেষ করে শিশু সন্তানের সামনে অপমানিত করার অভিযোগ অত্যন্ত গুরুতর।
আরও উদ্বেগজনক হলো, পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। যেন কাউকে অপদস্থ করে সরাসরি সম্প্রচার করাই অপরাধের বিচার নিশ্চিত করার নতুন পদ্ধতি!
এটি কেবল একজন ব্যক্তির সম্মানহানির প্রশ্ন নয়। একজন আইনজীবীকে এভাবে হেনস্তা করার মধ্য দিয়ে গোটা আইনজীবী সমাজকে একটি ভীতিকর বার্তা দেওয়া হচ্ছে। আজ রুদ্র, কাল অন্য কেউ। আজ সাবেক ছাত্রলীগ নেতা, কাল হয়তো বিএনপির কোনো আইনজীবী, জামায়াতের কোনো আইনজীবী কিংবা রাজনৈতিক পরিচয়হীন কোনো পেশাজীবী।
যদি রাজনৈতিক পরিচয় কিংবা মক্কেলের পরিচয় দিয়ে আইনজীবীর পেশাগত স্বাধীনতা নির্ধারিত হয়, তাহলে আগামী দিনে বিতর্কিত কোনো মামলায় দাঁড়ানোর সাহস কতজন আইনজীবীর থাকবে?
মনে রাখতে হবে, আইনজীবীরা কেবল অপরাধে অভিযুক্তদের প্রতিনিধিত্ব করেন না। তাঁরা রাষ্ট্রের নিপীড়নের শিকার মানুষের পক্ষেও দাঁড়ান। ক্ষমতাবানের বিরুদ্ধে দুর্বল মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়েও তাঁদের ভূমিকা অপরিহার্য।
অতীতে বাংলাদেশের আদালতে ভয়ংকর সন্ত্রাস, বোমা হামলা ও হত্যাকাণ্ডের আসামিরাও আইনজীবী পেয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিচার হয়েছে, সাক্ষ্য-প্রমাণ উপস্থাপিত হয়েছে, আদালত রায় দিয়েছেন। অপরাধ যত গুরুতরই হোক, আসামির আত্মপক্ষ সমর্থনের অধিকার কেড়ে নেওয়া হয়নি। কারণ ন্যায়বিচারের ভিত্তি প্রতিহিংসা নয়, যথাযথ বিচারপ্রক্রিয়া।
যে রাষ্ট্রে সবচেয়ে ঘৃণিত অভিযুক্তও আইনজীবী পাওয়ার অধিকার রাখেন, সেখানে আইনজীবীকে তাঁর মক্কেলের পরিচয়ে অপরাধী বানানো ভয়ংকর বিপজ্জনক প্রবণতা।
প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারের ভূমিকা?
এই ঘটনায় প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও দেশের সব আইনজীবী সংগঠনের নীরব থাকার সুযোগ নেই। আইনজীবী সমাজের দায়িত্ব শুধু আদালতে মামলা পরিচালনা করা নয়; বিচারব্যবস্থার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও আইনের শাসন রক্ষায় সম্মিলিত অবস্থান নেওয়াও সেই দায়িত্বের অংশ।
আমি মনে করি, এই ঘটনায় কয়েকটি পদক্ষেপ জরুরি:
1. অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ রুদ্রকে আটকের আইনগত ভিত্তি, সংশ্লিষ্ট অভিযোগ ও পুলিশের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্ত করতে হবে।
2. আটকের সময় কোনো আইন লঙ্ঘন, শারীরিক বা মানসিক নির্যাতন কিংবা পেশাগত মর্যাদাহানি করা হয়ে থাকলে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
3. সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে তাঁর নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
4. রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো আইনজীবী যাতে পেশাগত দায়িত্ব পালনে বাধা, ভয়ভীতি বা মব-হয়রানির শিকার না হন, সে বিষয়ে রাষ্ট্রকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে।
মবের হাতে বিচার মানে রাষ্ট্রের পরাজয়
এ ঘটনাকে শুধু আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই। এটি তার চেয়ে অনেক বড় প্রশ্ন: রাষ্ট্রের বিচারব্যবস্থা কোন পথে এগোচ্ছে?
একজন আইনজীবী কাকে জামিন করাবেন, সেটি তাঁর পেশাগত সিদ্ধান্ত। জামিন দেবেন কি না, সেটি আদালতের বিচারিক সিদ্ধান্ত। কোনো আসামি অপরাধী কি না, তা নির্ধারণ করবে আদালত। আর আইনজীবী কোনো অপরাধে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু রাজনৈতিক কর্মীদের হাতে কাউকে আটক, অপমান ও বিচারের আগেই অপরাধী সাব্যস্ত করার অধিকার তুলে দেওয়া যায় না।
আজ যদি একজন আইনজীবীকে তাঁর মক্কেলের পরিচয়ে হেনস্তা করা হয়, কাল সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায় থাকবে? আজ যদি রাজনৈতিক পরিচয় দেখে পেশাগত অধিকার নির্ধারিত হয়, কাল আদালতের স্বাধীনতাই বা কতটুকু অবশিষ্ট থাকবে?
রাষ্ট্রের শক্তি কতজনকে ধরে নিয়ে যেতে পারে, তা দিয়ে মাপা হয় না। তা মাপা হয় কতটা ন্যায়বিচার নিশ্চিত করা যায়, কতটা নাগরিক অধিকার রক্ষা করা যায় এবং ক্ষমতাবানকেও কতটা আইনের অধীন রাখা যায়, তা দিয়ে।
মবের হাতে বিচার চলতে থাকলে একসময় আদালতের প্রয়োজনীয়তাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। সেটি কোনো রাজনৈতিক দলের পরাজয় নয়, পুরো রাষ্ট্রের পরাজয়।
| আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে আইনজীবীকে তাঁর মক্কেলের জন্য জবাবদিহি করতে হয়। |
আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে আইনজীবী, বিচারক, নাগরিক, রাজনৈতিক কর্মী- সবাই আইনের কাছে সমান এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।
- মিজান মাজনুন, নির্বাহী পরিচালক সিটিজেন্স ভয়েস।

