ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে একটি চক্র। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু ইউসুফ বাবুল জেলা সাব-রেজিস্ট্রি অফিসের পে-অর্ডারের জন্য ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকটিতে যান।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্র জানায়, দুপুরের দিকে ব্যাংকে গিয়ে তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রাখেন। পরে পাশেই জমা দেওয়ার ভাউচার লিখতে ব্যস্ত থাকেন। এ সময় গ্রাহকের বেশে ব্যাংকে অবস্থান করা চক্রের সদস্যরা কৌশলে টাকার ব্যাগটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়।
আবু ইউসুফ বাবুল বলেন, জেলা সাব-রেজিস্ট্রি অফিসের পে-অর্ডারের জন্য ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে তিনি ব্যাংকে গিয়েছিলেন। ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগ রেখে ভাউচার লেখার সময় একটি চক্র পুরো টাকাই নিয়ে পালিয়ে যায়।
সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া কর্পোরেট শাখার প্রধান মো. শরীফুল হক বলেন, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে জমা ভাউচার লিখছিলেন। টাকার প্রতি নজর না থাকায় চোর চক্র কৌশলে ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। তাঁর মতে, গ্রাহকের অসতর্কতার সুযোগ নিয়েই এ ঘটনা ঘটেছে।
তিনি জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ব্যাংক থেকে এক গ্রাহকের টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

