নিরীক্ষা কার্যক্রমে অনিয়মের অভিযোগে তিনজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে সংবিধিবদ্ধ অডিট কাজ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ইনস্টিটিউট অভ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ। প্রতিষ্ঠানটির তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে নেওয়া এই সিদ্ধান্তে তাদের প্রত্যেককে আর্থিক জরিমানাও গুনতে হচ্ছে, যার মোট পরিমাণ ১৯ লাখ টাকা।
চলতি বছরের ১৬ জুন অনুষ্ঠিত সংস্থাটির কাউন্সিল সভায় এই শাস্তিমূলক সিদ্ধান্ত অনুমোদিত হয়, যা গত ৬ জুলাই থেকে কার্যকর হয়েছে।
জানা গেছে, একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠানের একজন পার্টনারকে ১৮ মাসের জন্য সংবিধিবদ্ধ অডিট কাজ থেকে বিরত রাখার পাশাপাশি তাকে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানের দুজন পার্টনারকে ১২ মাস করে বরখাস্ত এবং তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
শাস্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত তিন মাসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে বরখাস্তের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হবে। এরপরও অর্থ পরিশোধ না হলে সম্পূর্ণ জরিমানা মেটানো না হওয়া পর্যন্ত বরখাস্তের আদেশ বহাল থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এই শাস্তির প্রভাব পড়বে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিরীক্ষা কার্যক্রমেও, কারণ সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠান তাদের পার্টনারসহ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিরীক্ষক প্যানেলে তালিকাভুক্ত রয়েছে। তৃতীয় প্রতিষ্ঠানটিও এই প্যানেলে তালিকাভুক্ত থাকলেও এর দণ্ডপ্রাপ্ত পার্টনার ব্যক্তিগতভাবে প্যানেলের সদস্য নন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বরখাস্তের মেয়াদকালে সংশ্লিষ্ট পার্টনাররা কোনো তালিকাভুক্ত কোম্পানির সংবিধিবদ্ধ অডিট প্রতিবেদন প্রস্তুত করতে পারবেন না। বিশ্লেষকদের মতে, এ ধরনের কঠোর ব্যবস্থা দেশের অডিট খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

