মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের সুযোগে বাংলাদেশ থেকে সিমেন্ট, সার, ডিজেল ও ওষুধসহ বিভিন্ন পণ্য সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব পণ্যের বিনিময়ে নগদ টাকা নয়, বরং ইয়াবা ও আইসের (ক্রিস্টাল মেথামফেটামিন) মতো ভয়ংকর মাদক আসছে বাংলাদেশে। আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানেও এই অবৈধ বাণিজ্য থামছে না।
রাখাইনে যুদ্ধ চলায় সেখানকার সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, বৈধ আমদানি-রপ্তানিও ব্যাহত। ফলে নির্মাণসামগ্রী, কৃষি উপকরণ ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকটকে পুঁজি করে সীমান্ত এলাকায় সক্রিয় কয়েকটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পণ্য পাচার করছে। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া এসব পণ্য মিয়ানমারে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। সূত্রগুলোর ভাষ্য, পণ্য পাচারের বিনিময়ে সেখান থেকেই ইয়াবা ও আইস দেশে ঢুকছে।
সূত্র অনুযায়ী, পাচারের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে চট্টগ্রাম বন্দর এলাকা, কক্সবাজারের টেকনাফ, শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন-সংলগ্ন সমুদ্রপথ ও নাফ নদী। মিয়ানমারের মংডু এলাকায় এসব পণ্যের চাহিদা বিশেষভাবে বেশি।
দামের ব্যবধানই এই চোরাচালানের বড় চালিকাশক্তি। গত সপ্তাহে রাখাইনে এক বস্তা সিমেন্ট বিক্রি হয়েছে ২৫ হাজার থেকে ৩১ হাজার কিয়াতে, যা বাংলাদেশি মুদ্রায় দেড় থেকে দুই হাজার টাকার সমান। অথচ বাংলাদেশে এক বস্তা সিমেন্ট মেলে ৫৮০ টাকার মধ্যে। সারের ক্ষেত্রেও একই চিত্র। মিয়ানমারে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া সার বিক্রি হচ্ছে প্রায় ১ লাখ ৫০ হাজার কিয়াতে, অর্থাৎ প্রায় ৯ হাজার টাকায়। ডিএপি সারের দাম প্রায় ১ লাখ ৩৮ হাজার কিয়াত, যা প্রায় সাড়ে ৮ হাজার টাকা। বাংলাদেশে এক বস্তা ইউরিয়ার দাম ১ হাজার ৩৫০ টাকা এবং ডিএপির বস্তা ১ হাজার ৫০ টাকা।
এই বিপুল মুনাফার সুযোগে দেশের বিভিন্ন কারখানার সারও পাচারের ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের সিইউএফএল, কাফকো ও ডিএপি সার কারখানার উৎপাদিত সারের একটি অংশ সীমান্ত দিয়ে মিয়ানমারে চলে যাচ্ছে বলে অভিযোগ আছে। বাংলাদেশে সরকার কৃষকদের জন্য ভর্তুকি দিয়ে সার সরবরাহ করে, তাই দেশের বাজারে দাম নিয়ন্ত্রিত থাকে। অন্যদিকে মিয়ানমারে যুদ্ধ, বৈদেশিক মুদ্রার সংকট ও আমদানি ব্যবস্থার দুর্বলতায় দাম কয়েক গুণ বেড়েছে। এই ফাঁকে পাচারকারীরা সীমান্তে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে।
সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের শেষ দিকে আরাকান আর্মি বাংলাদেশ-সংলগ্ন মিয়ানমার সীমান্তের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। বৈধ বাণিজ্য কমলেও বেড়েছে অনানুষ্ঠানিক বাণিজ্য ও চোরাচালান। একই সঙ্গে সীমান্তে মাদক, অস্ত্র ও মানবপাচারের পাশাপাশি নানা পণ্য পাচারের ঘটনাও বেড়েছে। টেকনাফের একটি ইউনিয়নের ওয়ার্ড সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আরাকান আর্মি সীমান্ত দখলের পর তাদের মুদ্রা এ পারে চলে না। তাই তারা বাংলাদেশের পণ্য নিয়ে গিয়ে বিনিময়ে মাদক দিচ্ছে। তাঁর দাবি, চিহ্নিত ইয়াবা ও মানবপাচার কারবারিরা সাধারণ মানুষকে অর্থের লোভ দেখিয়ে সার পাচারে ব্যবহার করছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, পাচারকারীরা সাধারণত গভীর রাতে ছোট কার্গো নৌকা, স্পিডবোট ও মাছ ধরার ট্রলার ব্যবহার করে। উপকূলের নির্জন ঘাট থেকে পণ্য তুলে নাফ নদী বা সমুদ্রপথে রাখাইনের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয়। অনেক সময় বৈধ জেলেদের নৌযানও এ কাজে লাগানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কোথাও ট্রাক থেকে কার্গো বা ফিশিং বোটে পণ্য সরানো হয়, কোথাও আবার সরাসরি নৌযানে গভীর সমুদ্রের দিকে নেওয়া হয়।
সাম্প্রতিক অভিযানগুলোতেও এর চিত্র মিলেছে। গত ১০ নভেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট-সংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ করে কোস্টগার্ড। মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া এই সিমেন্টের আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা। বোটসহ আটক হন পাঁচজন। গত ১৪ সেপ্টেম্বর পতেঙ্গা বহির্নোঙরে অভিযানে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৭৫ হাজার টাকা।
সারের ক্ষেত্রে গত ২৫ সেপ্টেম্বর দিনগত রাত একটার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করে কোস্টগার্ড। ট্রাক থেকে ফিশিং বোটে সার তোলার সময় তিনজনকে আটক করা হয়। এই সারের আনুমানিক মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা। এর আগে ৯ সেপ্টেম্বর দিনগত রাত একটার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় তিন ট্রাক থেকে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা।
নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর বঙ্গোপসাগরে টহলের সময় দুটি বোট আটক করা হয়। তল্লাশিতে ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ হয়, আটক হন চোরাচালানে জড়িত ২৩ জন। চলতি বছরের ১৯ এপ্রিল রাতে সেন্টমার্টিনের অদূরে আরও ৮৫০ বস্তা সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত কাঠের বোট আটক করে নৌবাহিনী। ৪ জুন রাতে একই এলাকায় পাঁচটি ফিশিংবোট, ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট এবং পাচারচক্রের ৫২ সদস্যকে আটক করা হয়।
কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ১ এপ্রিল থেকে ১ অক্টোবর পর্যন্ত মিয়ানমারে পাচারের সময় ৮ লাখ ১২ হাজার ৯৫০ কেজি সিমেন্ট এবং ৩ লাখ ৭৭ হাজার ৫৫০ কেজি সার জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ২৬২ জনকে আটক করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় ৪১টি মামলা হয়েছে। তাঁর ভাষ্য, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সমুদ্রপথে সব ধরনের চোরাচালান, মাদক ও মানবপাচার ঠেকাতে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। ঝুঁকিপূর্ণ রুট চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি জোরদার এবং বিভিন্ন ঘাটে টহল বাড়ানো হয়েছে। অন্য বাহিনী ও সংস্থার সঙ্গে সমন্বয় করে সন্দেহজনক নৌযানে তল্লাশি ও বিশেষ অভিযানও চলছে। ভবিষ্যতে অভিযান ও নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান তিনি।
সার পাচার নিয়ে সরকারের উদ্বেগও প্রকাশ পেয়েছে। গত ৫ নভেম্বর এক অনুষ্ঠানে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, সরকারের বরাদ্দ করা সার যেন প্রকৃত কৃষকেরাই পান, তা নিশ্চিত করতে হবে। কোনো অসাধু ব্যক্তি যেন সার অপচয় বা বিদেশে পাচার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি জানান, সীমান্তবর্তী কিছু এলাকায় নির্দিষ্ট কয়েক ধরনের সারের সংকট দেখা দিয়েছে। প্রতিবেশী দেশে এসব সারের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা তৈরি হয়েছে। তাই সীমান্তে নজরদারি বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অনুরোধ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, মিয়ানমারের আরাকান অঞ্চল মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন হওয়ায় সেখানে কৃষিকাজের জন্য বাংলাদেশ থেকে সার নেওয়া হতে পারে। তবে সার পাচারের নির্দিষ্ট কারণ নিয়ে তাঁরা এখনো নিশ্চিত নন। পণ্যের বিনিময়ে মাদক আসার বিষয়টি তিনি উড়িয়ে দেননি। তাঁর ভাষ্য, তাঁরা প্রায়ই ইয়াবা উদ্ধার করেন। আটকদের জিজ্ঞাসাবাদে অনেক ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর তথ্যও পাওয়া যায়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, বাংলাদেশে সারে সরকারি ভর্তুকি থাকায় মিয়ানমারে এর দাম বেশি। বেশি দামের আশায় একশ্রেণির অসাধু ব্যক্তি সার পাচারের চেষ্টা করছে, যদিও সাম্প্রতিক সময়ে এ প্রবণতা অনেকটা কমেছে। তাঁর তথ্য অনুযায়ী, উখিয়ায় সার পাচারের কয়েকটি অভিযানের মধ্যে মাত্র একটিতে স্থানীয় এক সার ডিলারের সংশ্লিষ্টতা মিলেছে। বাকি ঘটনায় পাচারের সার চট্টগ্রাম, রামু, কক্সবাজার সদর, টেকনাফ ও নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে। অসাধু ব্যক্তিরা কৃষক সেজে কিংবা একই পরিবারের একাধিক সদস্যকে দিয়ে অল্প অল্প করে সার কিনে কোনো একটি বাড়িতে মজুত করেন। পরে তা সীমান্ত দিয়ে পাচার করা হয়।
সারের বিনিময়ে মাদক ঢোকার অভিযোগ প্রসঙ্গে ইউএনও বলেন, সীমান্ত ও নৌপথে মাদক ঠেকাতে বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী কাজ করছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোও বিভিন্ন সময়ে মাদক পাচারের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে তথ্য আছে। তিনি আরও জানান, মাদক কারবারের বড় ব্যবসায়ীরা সাধারণত সরাসরি মাঠে থাকেন না, অন্যদের দিয়ে ব্যবসা চালান। তাই মূল হোতাদের শনাক্ত করতে সিআইডি আর্থিক অনুসন্ধান চালাচ্ছে এবং সন্দেহভাজনদের সম্পদের হিসাবও খতিয়ে দেখা হচ্ছে। এতে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস গোপনীয়তা বজায় রেখে সিআইডিকে সহায়তা করছে। প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধের ওপরও জোর দেন তিনি। তাঁর মতে, মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে, তাঁদের সঙ্গে আত্মীয়তা বা সামাজিক সম্পর্ক না রাখার মতো সম্মিলিত উদ্যোগ গড়ে উঠলে মাদকবিরোধী লড়াই আরও কার্যকর হবে।
সার্বিকভাবে দেখা যাচ্ছে, মিয়ানমারে চলমান সংঘাত, সেখানকার পণ্যসংকট ও দামের বিশাল ব্যবধান সীমান্তে চোরাচালানের একটি শক্ত চক্র তৈরি করেছে। নিয়মিত অভিযানে বিপুল পণ্য জব্দ ও শত শত মানুষ আটক হলেও ভর্তুকির সার ও নির্মাণসামগ্রী পাচারের ঝুঁকি কমেনি। পণ্যের বিনিময়ে মাদক আসার অভিযোগ প্রমাণিত হলে তা দেশের জন্য দ্বিগুণ ক্ষতির কারণ হবে, একদিকে কৃষকের সার ও অর্থনীতির সম্পদ বেরিয়ে যাবে, অন্যদিকে ঢুকবে সমাজধ্বংসী মাদক। এ পরিস্থিতিতে সীমান্ত নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও মূল হোতাদের আর্থিক অনুসন্ধান আরও জোরদার করার বিকল্প নেই।

