রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক-
বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বরিশাল এসআরবি-৮ এর অভিযানিক দল। এ সময় সাতটি বিদেশি পিস্তল, পিস্তলের ৩৩টি ম্যাগাজিন, ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-শাহে আলম (৫০), বি.এম আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মো. রবিউল বেপারী (৩৫)। তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।
বুধবার (১৮ নভেম্বর) বরিশাল এসআরবি-৮ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জানা গেছে আলোচিত জর্দা শামীম গ্রেপ্তার হওয়ার পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে অবস্থিত তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে আসা হয়। পরবর্তীতে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ এবং ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হচ্ছে। এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি দেখিয়ে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর একটি আভিযানিক দল বাটাজোর এলাকার ওই বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে অবস্থানরত তিন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার ও একটি এয়ারগানসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
একই সময় উদ্ধার করা হয় ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজ। সর্বমোট ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। অন্যান্য উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে একটি ম্যাগাজিন আনলোডার, তিনটি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের সাতটি ক্ষুদ্র ভাঙা অংশ, তিনটি মোবাইল ফোন ও আলামত রাখার ১০টি ব্যাগ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জর্দা শামীম সম্পর্কে বলা হয়, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের বিরুদ্ধে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকা ও ঝালকাঠির বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি বছরের ৬ মে দিবাগত রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের উৎস, ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮ এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে।

