রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বাহ্যিক টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনে প্রায় ৬১ কোটি টাকার ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নকশা পর্যায়ের পরামর্শক সেবার ব্যয়ও বাড়ানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রূপপুর প্রকল্পের টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে।
প্রকল্পে উন্নত প্রযুক্তির বিভিন্ন টেলিযোগাযোগ সরঞ্জাম সরবরাহ, স্থাপন, পরীক্ষা এবং চালুকরণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এতে এএসওএনভিত্তিক ডিডব্লিউডিএম, এসডিএইচ, পিডিএইচ ও মাইক্রোওয়েভ ট্রান্সমিশন সিস্টেম, পিএবিএক্স, জিপিওএন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও যুক্ত থাকবে। পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬১ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৮২২ টাকা।
এ কাজের জন্য চীনের জেডটিই করপোরেশন এবং জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগকে সুপারিশকৃত দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে।
অন্যদিকে একই বৈঠকে ‘চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের পরামর্শক সেবা (ডিজাইন ফেইজ) (প্রথম সংশোধিত)’ প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
প্রাথমিকভাবে এ প্রকল্পের চুক্তিমূল্য ছিল ২৬ কোটি ৮৭ লাখ ৯৪ হাজার ৩৯৪ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এতে আরও ৯ কোটি ৮ লাখ ২ হাজার ৭৮ টাকা যোগ করা হয়েছে। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৩৫ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ৪৭২ টাকা।
বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে জার্মানির এয়ারপোর্ট কনসাল্টিং পার্টনার্স জিএমবিএইচ (এসিপি) কাজ করছে।

