কোভিড–১৯ মহামারি বাংলাদেশের জন্য একদিকে ছিল ভয়াবহ সংকট, অন্যদিকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। এই বৈশ্বিক দুর্যোগ স্পষ্ট করে দিয়েছে—টিকা, ওষুধ ও ডায়াগনস্টিকসহ মৌলিক স্বাস্থ্যপণ্যের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আমদানিনির্ভরতা বজায় রাখা টেকসই নয়। মহামারির সময় বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ধস নেমেছিল। সীমান্ত বন্ধ হয়ে যায়, আর অনেক ধনী দেশ নিজেদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সরবরাহ আটকে রাখে। এতে বোঝা যায়, বৈশ্বিক সাপ্লাই চেইন কতটা ভঙ্গুর।
এমন বাস্তবতার মধ্যেই বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে দাঁড়িয়ে। দেশটি স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি আগামী কয়েক বছরের মধ্যে ট্রিপস–সংক্রান্ত মেধাস্বত্ব ছাড় সুবিধাও শেষ হয়ে যাবে। এই দুই পরিবর্তন একসঙ্গে দেশের স্বাস্থ্য খাত ও ওষুধ শিল্পকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে।
এ পরিস্থিতিতে মূল প্রশ্ন সামনে এসেছে—বাংলাদেশ কি কেবল তাৎক্ষণিক দুর্বলতা সামাল দিতে কিছু সীমিত উদ্যোগ নেবে, নাকি এই সংকটকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে একটি শক্তিশালী জাতীয় বায়োসিকিউরিটি কাঠামো এবং প্রতিযোগিতামূলক লাইফ সায়েন্সেস খাত গড়ে তুলবে?
এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে বেশ কিছু উন্নয়ন উদ্যোগ নেওয়া হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) একটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে। প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের এই টিকা, থেরাপিউটিকস ও ডায়াগনস্টিক (ভিটিডি) প্রকল্পের লক্ষ্য হলো টিকা, নির্দিষ্ট বায়োলজিকস এবং ডায়াগনস্টিকস উৎপাদনের জন্য আধুনিক মানের একটি কারখানা গড়ে তোলা।
একই প্রকল্পের অংশ হিসেবে ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য প্রায় ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। এর মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। এছাড়া সরকারি অর্থায়নে আরও একটি বড় উদ্যোগ চলমান। প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে ইডিসিএলের তেজগাঁওয়ে থাকা পুরোনো অবকাঠামো সরিয়ে সেখানে জেনেরিক ওষুধ উৎপাদনের আধুনিক কারখানা নির্মাণ ও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা এবং প্রকল্পগুলোকে রাজধানীর কাছাকাছি রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় অন্তর্বর্তী সরকার পূর্বের পরিকল্পনায় পরিবর্তন আনে। এর ফলে গোপালগঞ্জের ভিটিডি প্রকল্প এবং মানিকগঞ্জের জেনেরিক ওষুধ প্রকল্প—দুটিই স্থানান্তর করা হয় মুন্সিগঞ্জের সিরাজদিখানে। এটি কেবল আরেকটি উন্নয়ন প্রকল্পের ব্যয় হিসেবে দেখার সুযোগ নেই। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা গেলে এই বিনিয়োগ পুরো ফার্মাসিউটিক্যাল ও বায়োসিকিউরিটি খাতের কাঠামোগত রূপান্তর ঘটাতে পারে।
বিশ্লেষণে দেখা যাচ্ছে, সিরাজদিখানকে শুধুই একটি স্থানান্তরযোগ্য ফাঁকা জমি হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। বরং এটি একটি জাতীয় বায়োসিকিউরিটি ও লাইফ সায়েন্সেস ইনোভেশন করিডর গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় অঞ্চল হিসেবে সামনে আসছে। ভৌগোলিক অবস্থান এই সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে।
একদিকে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে ওঠা রাজধানীকেন্দ্রিক জ্ঞান-ভিত্তিক হাব। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্যকেন্দ্রিক ইকোসিস্টেম, প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্র, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, অ্যাটমিক এনার্জি কমিশনের গবেষণা প্রতিষ্ঠান এবং একাধিক দেশীয় ওষুধ কোম্পানিকে ঘিরে গড়ে ওঠা সাভার অঞ্চলের বিজ্ঞান ও স্বাস্থ্যকেন্দ্রিক ক্লাস্টার।
এই দুই শক্তিশালী জ্ঞান ও গবেষণা বলয়ের মাঝখানে সিরাজদিখানের অবস্থান। পরিকল্পিত মেট্রো সংযোগ এবং এন-৫ ও এন-৮ করিডরের উন্নত সড়ক যোগাযোগ যুক্ত হলে এই অঞ্চলটি দুই ক্লাস্টারের মধ্যে কার্যকর একটি বৌদ্ধিক ও বাস্তব সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে।
নীতিনির্ধারকেরা যদি বিষয়টিকে শুধু পৃথক কারখানা স্থাপনের প্রকল্প হিসেবে না দেখে একটি সমন্বিত জ্ঞান ও উৎপাদনভিত্তিক ভূপরিসর হিসেবে বিবেচনা করেন, তাহলে এখানে নতুন এক পরিবেশ তৈরি হতে পারে। এমন পরিবেশে গবেষক, নিয়ন্ত্রক সংস্থা, চিকিৎসক, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা একসঙ্গে কাজ করার সুযোগ পাবেন। ল্যাবরেটরি, উৎপাদন লাইন, হাসপাতাল এবং শিক্ষাপ্রতিষ্ঠান—সবই থাকবে কাছাকাছি।
এ ধরনের সমন্বিত প্ল্যাটফর্ম একটি দেশের প্রযুক্তি নির্ভরতা কমিয়ে তাকে ধীরে ধীরে উদ্ভাবনভিত্তিক সক্ষমতার দিকে নিয়ে যেতে পারে। এই প্রেক্ষাপটে সিরাজদিখানকেন্দ্রিক করিডরে শুধু উৎপাদন কারখানাই নয়, বরং যৌথ গবেষণা ল্যাব, স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার, বিশ্ববিদ্যালয়-সংযুক্ত প্রযুক্তি স্থানান্তর অফিস এবং বিজ্ঞানী ও বায়োইঞ্জিনিয়ার তৈরির জন্য আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার সুযোগও তৈরি হতে পারে।
এই উদ্যোগগুলোর ক্ষেত্রে সময়ও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এলডিসি থেকে উত্তরণের পর ট্রিপস-সংশ্লিষ্ট মেধাস্বত্ব ছাড় শেষ হয়ে গেলে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাতকে আরও কঠোর আন্তর্জাতিক আইপি পরিবেশে কাজ করতে হবে। বর্তমানে দেশের ওষুধ শিল্প অভ্যন্তরীণ চাহিদার বড় অংশ পূরণ করছে এবং বহু দেশে জেনেরিক ওষুধ রপ্তানির মাধ্যমে সুনাম অর্জন করেছে। তবে এই অর্জনের একটি বড় অংশ এমন সময় গড়ে উঠেছে, যখন আন্তর্জাতিক মেধাস্বত্ব নীতিতে তুলনামূলক ছাড়ের সুবিধা ছিল।
যেহেতু ভিটিডি প্রকল্প এবং জেনেরিক ফার্মাসিউটিক্যাল প্রকল্প—উভয়ই একই সরকারি প্রতিষ্ঠান এবং একই মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে, তাই একটি একীভূত ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হলে ক্রয় প্রক্রিয়া, গুণগত মান নিশ্চিতকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনায় আরও সমন্বিত ও দক্ষতা-ভিত্তিক ফল পাওয়া যেতে পারে।
এমন কাঠামো না হলেও অন্তত একটি আইনগতভাবে বাধ্যতামূলক সমন্বয় ব্যবস্থা থাকা জরুরি, যাতে আলাদা প্রকল্প দলগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা ব্যাহত না হয় এবং উন্নয়ন উদ্যোগগুলো একই লক্ষ্যে এগিয়ে যেতে পারে। বাংলাদেশের ওষুধ ও স্বাস্থ্য প্রযুক্তি খাতে সাম্প্রতিক অগ্রগতি ধরে রাখতে না পারলে ভবিষ্যতে তা বড় ধরনের চাপে পড়তে পারে। বিশেষজ্ঞ পর্যবেক্ষণে বলা হচ্ছে, এখনই প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার না আনা হলে অর্জিত সক্ষমতা টেকসই হবে না।
এই প্রেক্ষাপটে পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তরকে পুনর্গঠন করা জরুরি হিসেবে দেখা হচ্ছে। শুধু জনবল বাড়ানো নয়, বরং আধুনিক মেধাস্বত্ব জ্ঞান, দক্ষতা এবং উন্নত ডিজিটাল অবকাঠামো যুক্ত করতে হবে। একে প্রযুক্তিগত বিলাসিতা হিসেবে দেখার সুযোগ নেই; এটি এখন জাতীয় প্রয়োজনের অংশ।
একই সঙ্গে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও নতুন নীতিগত দৃষ্টিভঙ্গি প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোকে এমন পরিবেশ দিতে হবে, যেখানে তারা মেধাস্বত্ব ব্যবস্থাপনা, শিল্প খাতের সঙ্গে যৌথ গবেষণা এবং স্পিন-অফ কোম্পানি গঠনে সক্রিয়ভাবে যুক্ত হতে পারে।
নীতিগতভাবে সরকারি অর্থায়নে গড়ে ওঠা ফার্মাসিউটিক্যাল কারখানার অবস্থান বা উৎপাদন পরিকল্পনা যেন কেবল স্বল্পমেয়াদি অর্থায়ন সুবিধা বা জমি প্রাপ্যতার ভিত্তিতে নির্ধারিত না হয়। বরং দীর্ঘমেয়াদি উদ্ভাবন, মেধাস্বত্ব ব্যবস্থাপনা এবং রপ্তানি কৌশলের সঙ্গে সমন্বয় রেখে সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
এই আলোচনার একটি গুরুত্বপূর্ণ দিক হলো ‘ওয়ান হেলথ’ ধারণা, যেখানে মানব, প্রাণী এবং পরিবেশগত স্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ককে একসঙ্গে বিবেচনা করা হয়। বর্তমানে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এর কার্যক্রম মূলত মানবস্বাস্থ্যের জেনেরিক ওষুধ উৎপাদনেই সীমিত। উন্নত টিকা বা বায়োলজিক উৎপাদনের সক্ষমতা এখনও তাদের পূর্ণাঙ্গভাবে গড়ে ওঠেনি।
অন্যদিকে প্রাণিসম্পদ খাতে কিছু ক্লাসিক্যাল টিকা উৎপাদিত হলেও তা মূলত মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের পুরোনো ও সীমিত অবকাঠামোর ওপর নির্ভরশীল। এ প্রেক্ষাপটে ইতিবাচক দিক হলো, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটি সমন্বিত প্রিক্লিনিক্যাল ট্রায়াল সুবিধা—অ্যানিমেল হাউস—স্থাপনের প্রাথমিক প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে। এই সুবিধা মানব ও প্রাণী উভয় খাতে টিকা, থেরাপিউটিকস এবং ডায়াগনস্টিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই অবকাঠামো কোথায় এবং কীভাবে গড়ে উঠবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অবস্থান ও নকশা নির্ধারণ করবে বাংলাদেশ কতটা কার্যকরভাবে ‘ওয়ান হেলথ’ ভিত্তিক বায়োসিকিউরিটি কাঠামো গড়ে তুলতে পারবে।
যদি এই অ্যানিমেল হাউস পৃথক প্রকল্প হিসেবে গড়ে ওঠে এবং ইডিসিএলের ভিটিডি উদ্যোগের সঙ্গে কার্যকর সমন্বয় না থাকে, তাহলে একদিকে সম্পদের অপচয় ঘটতে পারে, অন্যদিকে গবেষণা ও পরীক্ষণের সক্ষমতায় ফাঁক থেকে যেতে পারে। এর বিপরীতে যদি এটিকে জাতীয় বায়োসিকিউরিটি কাঠামোর অংশ হিসেবে একীভূতভাবে পরিকল্পনা করা হয়—উদাহরণস্বরূপ কোনো বৃহৎ জাতীয় অবকাঠামো পরিকল্পনার অংশ হিসেবে—তাহলে এটি ওষুধ গবেষণা, বায়োমেডিক্যাল উদ্ভাবন এবং নিরাপদ পরীক্ষণের ক্ষেত্রে বাংলাদেশকে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তা করতে পারে।
অ্যানিমেল হাউস, সিরাজদিখানের ভিটিডি কমপ্লেক্স এবং জেনেরিক ফার্মাসিউটিক্যাল সম্প্রসারণ প্রকল্প—এই তিনটি উদ্যোগকে যদি আলাদা মন্ত্রণালয়ের বিচ্ছিন্ন প্রকল্প হিসেবে না দেখে উচ্চপর্যায়ের সমন্বয় কাঠামোর আওতায় আনা যায়, তাহলে একটি সমন্বিত জাতীয় বায়োসিকিউরিটি স্থাপত্য তৈরি সম্ভব হতে পারে।
এ ধরনের কাঠামোর জন্য শুধুমাত্র অর্থায়ন বা নীতিগত ঘোষণা যথেষ্ট নয়। প্রকল্প বাস্তবায়ন পদ্ধতিতেও পরিবর্তন প্রয়োজন। বড় ও জটিল লাইফ সায়েন্স প্রকল্প পরিচালনায় বিশেষায়িত ব্যবস্থাপনা কাঠামো দরকার, যা প্রচলিত প্রশাসনিক ব্যবস্থার বাইরে গিয়ে দক্ষতা ও প্রযুক্তিনির্ভর নেতৃত্ব নিশ্চিত করবে।
বর্তমান বাস্তবতায় প্রায়ই দেখা যায়, বড় প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ আমলা বা চিকিৎসা পেশার জ্যেষ্ঠ ব্যক্তিদের, যারা একই সঙ্গে অন্যান্য দায়িত্বও পালন করেন কিন্তু এ ধরনের বহুমাত্রিক প্রকল্প পরিচালনায় যে ধরনের পূর্ণকালীন ব্যবস্থাপনা দক্ষতা, প্রযুক্তিগত সহায়তা এবং প্রাতিষ্ঠানিক নিরাপত্তা দরকার, তা অনেক সময় অনুপস্থিত থাকে। ফলে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় জটিলতা এবং কারিগরি ভুলের ঝুঁকি তৈরি হয়। এর প্রভাব শেষ পর্যন্ত জাতীয় উন্নয়ন অগ্রগতিতেই পড়ে।
বর্তমান বাস্তবতায় কেবল অবকাঠামো বা বিনিয়োগ বাড়ালেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। প্রয়োজন একটি নতুন ধরনের নেতৃত্ব কাঠামো, যেখানে নীতি নির্ধারণ, কারিগরি দক্ষতা এবং প্রকল্প বাস্তবায়নের শৃঙ্খলা—এই তিনটি বিষয় একসঙ্গে কার্যকরভাবে কাজ করবে।
পূর্ববর্তী জটিল উন্নয়ন প্রকল্পগুলোর অভিজ্ঞতা বিশ্লেষণ করে দেখা যায়, একটি “ত্রয়ী মডেল” কার্যকর হতে পারে। এই মডেলে তিন ধরনের নেতৃত্ব একসঙ্গে কাজ করবে। একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা, যিনি জাতীয় অগ্রাধিকার ও আন্তমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করবেন। একজন দক্ষ টেকনোক্র্যাট, যিনি বৈজ্ঞানিক মানদণ্ড ও নিয়ন্ত্রক কাঠামোর সঠিক প্রয়োগ দেখবেন। এবং একজন বেসরকারি খাত বা করপোরেট অভিজ্ঞতাসম্পন্ন পেশাদার, যিনি প্রকল্প ব্যবস্থাপনায় সময়, ব্যয় এবং গুণগত মান নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবেন।
ভিটিডি প্রকল্প এবং জেনেরিক ফার্মাসিউটিক্যাল প্রকল্প—দুটিই যেহেতু একই পাবলিক এন্টারপ্রাইজ এবং একই মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে, তাই একটি একীভূত ব্যবস্থাপনা দল গঠন করলে আরও সমন্বিত ফল পাওয়া যেতে পারে। এতে ক্রয় প্রক্রিয়া, গুণমান নিশ্চিতকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনায় একক মানদণ্ড বজায় রাখা সহজ হবে। যদি সম্পূর্ণ একীভূত কাঠামো সম্ভব না হয়, তাহলেও আইনগতভাবে বাধ্যতামূলক একটি সমন্বয় ব্যবস্থা থাকা জরুরি। এতে আলাদা প্রকল্প দলগুলোর মধ্যে কাঠামোবদ্ধ সহযোগিতা নিশ্চিত হবে এবং বিচ্ছিন্নভাবে কাজ করার ঝুঁকি কমবে।
এই আলোচনা কেবল কিছু প্রকল্প বাস্তবায়নের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশ এখন এমন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে স্বাস্থ্য নিরাপত্তা, শিল্পনীতি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতির আকাঙ্ক্ষা একসঙ্গে মিলিত হয়েছে।
আগামী কয়েক বছরে নেওয়া সিদ্ধান্তগুলো—কোন স্থানে কোন অবকাঠামো গড়ে উঠবে, কোন প্রতিষ্ঠানের দায়িত্ব কতটা বিস্তৃত হবে, মেধাস্বত্ব ব্যবস্থাপনা কীভাবে পরিচালিত হবে এবং প্রকল্প নেতৃত্ব কী কাঠামোয় গঠিত হবে—এসবই নির্ধারণ করবে ভবিষ্যতের অবস্থান। এ সিদ্ধান্তগুলোর ওপর নির্ভর করবে, ভবিষ্যতের কোনো মহামারিতে বাংলাদেশ কতটা প্রস্তুত থাকবে এবং বৈশ্বিক টিকা ও ওষুধ সরবরাহ শৃঙ্খলে দেশের অবস্থান কোথায় দাঁড়াবে।
যদি এসব বিনিয়োগকে শুধু নির্দিষ্ট সময় ও বাজেটের মধ্যে শেষ করার জন্য নেওয়া বিচ্ছিন্ন অবকাঠামো প্রকল্প হিসেবে দেখা হয়, তাহলে একটি বড় সুযোগ হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকবে কিন্তু যদি সিরাজদিখানকে একটি ইনোভেশন করিডরের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় এবং সেখানে আধুনিক মেধাস্বত্ব ব্যবস্থাপনা, ‘ওয়ান হেলথ’ভিত্তিক গবেষণা সক্ষমতা এবং পেশাদার ও সুরক্ষিত নেতৃত্ব কাঠামো একসঙ্গে গড়ে তোলা যায়, তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে।
এমন একটি সমন্বিত জাতীয় কৌশল বাংলাদেশকে শুধু অভ্যন্তরীণ স্বাস্থ্য নিরাপত্তাই নয়, বরং আঞ্চলিক লাইফ সায়েন্সেস খাতে একটি শক্তিশালী অবস্থানও এনে দিতে পারে। শেষ পর্যন্ত কোভিড–১৯-এর অভিজ্ঞতা এবং এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ—এই দুটি বাস্তবতাই যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তবে তা বাংলাদেশের জন্য একটি অধিকতর স্থিতিশীল, প্রতিযোগিতামূলক এবং জ্ঞানভিত্তিক ভবিষ্যতের ভিত্তি গড়ে দিতে পারে।
সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে সিদ্ধান্ত শুধু কয়েকটি প্রকল্পের ভবিষ্যৎ নয়, বরং পুরো স্বাস্থ্য নিরাপত্তা ও জ্ঞানভিত্তিক অর্থনীতির দিকনির্দেশনা নির্ধারণ করবে। কোভিড–১৯ যে দুর্বলতাগুলো উন্মোচন করেছে এবং এলডিসি উত্তরণের যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে—এই দুই চাপ একসঙ্গে এখন নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দুতে।
এই সময়টি তাই শুধু অবকাঠামো নির্মাণের নয়, বরং একটি নতুন চিন্তার কাঠামো গড়ে তোলার সময়। বিচ্ছিন্ন প্রকল্প নয়, বরং সমন্বিত বায়োসিকিউরিটি ও উদ্ভাবনভিত্তিক ইকোসিস্টেমই হতে পারে ভবিষ্যতের পথ। সিরাজদিখান বা সংশ্লিষ্ট উন্নয়ন উদ্যোগগুলো যদি এই বৃহত্তর দৃষ্টিভঙ্গির অংশ হয়ে উঠতে পারে, তাহলে বাংলাদেশ কেবল সংকট মোকাবিলা নয়—বরং আঞ্চলিক লাইফ সায়েন্স নেতৃত্বের দিকেও এগিয়ে যেতে পারবে।
শেষ পর্যন্ত প্রশ্নটা তাই শুধু প্রযুক্তি বা অর্থায়নের নয়, বরং দূরদর্শিতার। এখনকার সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের প্রস্তুত বাংলাদেশ কতটা আত্মনির্ভর, উদ্ভাবনী এবং প্রতিযোগিতামূলক হতে পারবে।

