চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে আয় ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। প্রতিবেদনে দেখা যায়, জুলাই থেকে মার্চ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ৩৩ দশমিক ৮৬ শতাংশ। একই সময়ে নিট মুনাফা বেড়েছে ৫৬ দশমিক ৪৬ শতাংশ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটির মোট আয় দাঁড়িয়েছে ৩২০ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ২৩৯ কোটি টাকা। এ সময়ে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২১৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪০ কোটি টাকা।
একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস বেড়ে হয়েছে ১১ টাকা ৭১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৪৯ পয়সা। এছাড়া ২০২৬ সালের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৮ টাকা ৭১ পয়সায়।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে বাংলাদেশ সাবমেরিন কেবলসের পরিচালনা পর্ষদ। ওই অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৯ টাকা ৯৩ পয়সা, যা আগের বছরে ছিল ৯ টাকা ৭৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ৯০ টাকা ৯৯ পয়সা। টানা দ্বিতীয় বছরের মতো ২০২৩-২৪ অর্থবছরেও কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলসের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৮৭ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা এবং রিজার্ভে রয়েছে ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ টাকা।
বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৮ কোটি ৭০ লাখ ৩৮ হাজার ৮৪৩টি। এর মধ্যে ৭৬ দশমিক ৯৪ শতাংশ শেয়ার সরকারের হাতে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৭ দশমিক ৫২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ শেয়ার।

