রাষ্ট্রায়ত্ত নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছে। জুলাই থেকে মার্চ পর্যন্ত সময়ে প্রতিষ্ঠানটির সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৫৮৮ কোটি ৭২ লাখ টাকা।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় অনুষ্ঠিত আইসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত আর্থিক প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়।
প্রকাশিত আর্থিক তথ্যে দেখা গেছে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার লোকসানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত অর্থবছরের প্রথম নয় মাসে আইসিবির লোকসান ছিল ২৭৭ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে লোকসান প্রায় দ্বিগুণ হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত শেয়ার কেনাবেচা থেকে মূলধনী মুনাফি কমে যাওয়া এবং আমানতের সুদের হার বৃদ্ধি পাওয়ার কারণে এ চাপ তৈরি হয়েছে। এর প্রভাব সরাসরি প্রতিষ্ঠানটির আয় ও ব্যয়ের ভারসাম্যে পড়েছে।
প্রান্তিক আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে আইসিবির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ৭৯ পয়সা।
বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারে দীর্ঘ সময় ধরে অস্থিরতা এবং আর্থিক খাতে ব্যয় বৃদ্ধি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করছে। ফলে মুনাফা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

