পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় কোনো নতুন প্রকল্প বা আর্থিক প্রভাব তৈরি করে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে এখন থেকে অর্থ বিভাগের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক হবে। এমন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন যুগ্মসচিব কাউসার নাসরী।
পরিপত্রে বলা হয়েছে, ১৯৯৬ সালের রুলস অব বিজনেস (ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী অর্থ বিভাগের সঙ্গে পূর্ব পরামর্শ ছাড়া কোনো মন্ত্রণালয় এমন কোনো আদেশ জারি করতে পারবে না, যা সরাসরি বা পরোক্ষভাবে রাষ্ট্রের আর্থিক বিষয়ে প্রভাব ফেলে।
এছাড়া সচিবালয় নির্দেশমালা ২০২৪-এর নির্দেশ ১৫১-এও উল্লেখ রয়েছে, অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের সঙ্গে পরামর্শের ক্ষেত্রে রুলস অব বিজনেসের বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে।
অর্থ বিভাগ পর্যবেক্ষণে জানিয়েছে, সম্প্রতি কিছু মন্ত্রণালয় অর্থ বিভাগের আনুষ্ঠানিক মতামত ছাড়াই অবকাঠামো নির্মাণ, হাসপাতাল স্থাপন বা শয্যা সংখ্যা বাড়ানোর মতো সিদ্ধান্ত নিচ্ছে। এসব উদ্যোগ সরকারের জন্য স্থায়ী আর্থিক দায় তৈরি করছে, যা বিদ্যমান নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
পরিপত্রে আরও বলা হয়, এ ধরনের সিদ্ধান্তের কারণে রুলস অব বিজনেসের রুল-১৩ লঙ্ঘিত হচ্ছে। এর ফলে সরকারের পরিচালন ব্যয় অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বাজেটে ঘাটতির ঝুঁকি তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে নতুন প্রকল্প বা ব্যয়-সম্পৃক্ত যেকোনো উদ্যোগ নেওয়ার আগে রুল-১৩ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

