সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকেও অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের অগ্রগতির জন্য শুধু সরকার নয়, বরং বেসরকারি খাতসহ সব অংশীজনকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৬তম সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে এনবিআর ও এফবিসিসিআই।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর খুব অল্প সময়েই ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করা হয়েছে। তার মতে, দেশের অর্থনীতিতে বেসরকারি খাতই মূল ভূমিকা রাখছে, তাই তাদের সমস্যাগুলো সমাধানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে তৈরি পোশাক খাত ভালো অবস্থানে থাকলেও অন্যান্য সম্ভাবনাময় খাত কেন পিছিয়ে রয়েছে, তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে এসব খাতকে পোশাক শিল্পের মতো সুযোগ-সুবিধার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। এর মধ্যে বন্ড সুবিধাসহ অন্যান্য প্রণোদনাও অন্তর্ভুক্ত থাকবে।
মন্ত্রী বলেন, “সরকারি খাতই সব নয়, অনেক বেসরকারি খাতের ওপরই দেশ নির্ভর করে। তাই দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে একসঙ্গে এগোতে হবে।”
তিনি আরও জানান, বড় ব্যবসায়ীদের মূলধন সংকটের বিষয়টি তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করেছেন। পাশাপাশি ব্যবসা সহজ করার লক্ষ্যে ‘ইজ অব ডুয়িং বিজনেস’ উন্নয়নে কাজ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। তার ভাষায়, ব্যবসা পরিচালনায় বিদ্যমান সব বাধা দূর করাই সরকারের লক্ষ্য। কারণ, বেসরকারি খাতের প্রবৃদ্ধিই দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিকে গতিশীল করবে।

