রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় বিগত সরকারের রেখে যাওয়া আর্থিক দায় ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত ওই সভায় তিনি বলেন, বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে আগের সরকার।
অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এই বিশাল অঙ্কের বকেয়া এখন বর্তমান অর্থনৈতিক ব্যবস্থাপনার ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে কঠিন উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, সব খাতে একসঙ্গে কর ছাড় বা অতিরিক্ত সুবিধা দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। তবে ব্যবসা পরিচালনা সহজ করতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে সরকার কাজ করছে বলেও তিনি জানান। তার মতে, ব্যবসা খাতে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।
সভায় বৈশ্বিক পরিস্থিতির প্রভাব নিয়েও কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি আমদানিতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই কারণে সরকারকে অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, মুক্তবাজার অর্থনীতির নীতির ধারাবাহিকতায় সরকার এগোচ্ছে এবং ব্যক্তিখাতকে উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে দেখা হচ্ছে। তিনি জানান, সম্ভাবনাময় যেকোনো রপ্তানি খাতকে তৈরি পোশাক শিল্পের মতো নীতিগত সহায়তা দেওয়া হবে, যাতে অর্থনীতির প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হয়।

