কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে নানা দিক থেকে। কারও চোখে এটি ভবিষ্যতের সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লব, আবার কারও কাছে এটি চাকরি হারানোর আশঙ্কার কারণ। কেউ মনে করেন, এআই মানেই চ্যাটবট, ছবি তৈরি বা লেখালেখির সহায়তা। কিন্তু বাস্তব চিত্র এর চেয়ে অনেক বিস্তৃত।
এআই এখন ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ, খরচ কমানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং গ্রাহকের আচরণ বিশ্লেষণের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠছে। অর্থনীতির ভাষায়, কোনো প্রযুক্তি যখন কোনো কাজের ব্যয় দ্রুত কমিয়ে দেয় এবং কার্যকারিতা বাড়ায়, তখন সেটি আর শুধু প্রযুক্তি থাকে না; বরং উৎপাদন ব্যবস্থার অপরিহার্য অংশ হয়ে ওঠে।
ইতিহাসে বড় বড় পরিবর্তনের পেছনে প্রযুক্তির এমনই ভূমিকা ছিল। শিল্পবিপ্লব মানুষের শারীরিক শ্রমের ধরন বদলে দিয়েছিল। বিদ্যুৎ বদলে দিয়েছিল কারখানার কার্যক্রম। ইন্টারনেট বিশ্বকে যুক্ত করেছিল তথ্যের মাধ্যমে। আর এআই এখন বদলে দিচ্ছে সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি, ভবিষ্যৎ অনুমান, গ্রাহকসেবা, বিপণন, হিসাব ব্যবস্থাপনা, ঝুঁকি বিশ্লেষণ এবং উৎপাদনের গতি। এই পরিবর্তনের বাইরে থাকবে না বাংলাদেশও। বরং শ্রমনির্ভর, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তানির্ভর বাংলাদেশের অর্থনীতিতে এআইয়ের প্রভাব আরও গভীর হতে পারে।
বিশ্বব্যবসায় এআই এখন প্রতিযোগিতার নতুন অস্ত্র:
বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলো এআইকে আর পরীক্ষামূলক প্রযুক্তি হিসেবে দেখছে না। তারা এটিকে ব্যবসার দক্ষতা বাড়ানোর কৌশল হিসেবে ব্যবহার করছে। ব্যাংকিং খাতে জালিয়াতি শনাক্তকরণ, খুচরা ব্যবসায় পণ্যের চাহিদা অনুমান, অনলাইন বাণিজ্যে ব্যক্তিগতকৃত অফার, গ্রাহকসেবায় দ্রুত সাড়া এবং শিল্প উৎপাদনে মান নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই এআইয়ের ব্যবহার বাড়ছে।
অর্থাৎ এআই এখন ভবিষ্যতের কোনো ধারণা নয়, বরং বর্তমান ব্যবসা প্রতিযোগিতার নিয়ম বদলে দিচ্ছে। বাংলাদেশের জন্য তাই মূল প্রশ্ন এআই আসবে কি না, সেটি নয়। বরং প্রশ্ন হলো—আমরা কি শুধু বিদেশি প্রযুক্তি ব্যবহারকারী হয়ে থাকব, নাকি নিজেদের অর্থনৈতিক সক্ষমতা তৈরির হাতিয়ার হিসেবে এআইকে কাজে লাগাব।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করেছে কম খরচের শ্রম, উদ্যোক্তাদের ঝুঁকি নেওয়ার মানসিকতা এবং দ্রুত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতার ওপর ভিত্তি করে। কিন্তু আগামী দিনের বাজারে শুধু সস্তা শ্রম দিয়ে টিকে থাকা কঠিন হবে।
আন্তর্জাতিক ক্রেতারা এখন দ্রুত সরবরাহ, কম ত্রুটি, স্বচ্ছ উৎপাদন ব্যবস্থা, ব্যক্তিকেন্দ্রিক সেবা এবং তথ্যনির্ভর সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে। এসব ক্ষেত্রেই এআই বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। এআই একদিকে যেমন কিছু প্রচলিত কাজের ধরন বদলে দেবে, অন্যদিকে নতুন দক্ষতা ও ব্যবসার সুযোগ তৈরি করবে।
বাংলাদেশের অর্থনীতির বড় শক্তি ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তারা। কিন্তু এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই আলাদা তথ্য বিশ্লেষণ দল, উন্নত বিপণন কাঠামো কিংবা আধুনিক গ্রাহক ব্যবস্থাপনা ব্যবস্থা নেই। এখানেই এআই বড় ভূমিকা রাখতে পারে।
একজন ছোট উদ্যোক্তা যদি জানতে পারেন কোন গ্রাহক পুনরায় পণ্য কিনতে পারেন, কোন এলাকায় কোন পণ্যের চাহিদা বাড়ছে, কোন অভিযোগ দ্রুত সমাধান করা প্রয়োজন—তাহলে তাঁর ব্যবসায়িক সিদ্ধান্ত আরও কার্যকর হবে অর্থাৎ বড় প্রতিষ্ঠানের মতো ব্যয়বহুল বিশ্লেষণ ব্যবস্থা ছাড়াই ছোট ব্যবসাগুলো তথ্যনির্ভর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেতে পারে।
শুধু প্রযুক্তি খাত নয়, সবখানেই এআইয়ের ব্যবহার:
অনেকের ধারণা, এআই শুধু প্রযুক্তি কোম্পানির বিষয়। বাস্তবে এটি প্রায় সব খাতেই প্রভাব ফেলতে পারে। তৈরি পোশাক শিল্পে এআই ব্যবহার করা যেতে পারে চাহিদা পূর্বাভাস, ডিজাইনের প্রবণতা বিশ্লেষণ, উৎপাদন পরিকল্পনা এবং মান নিয়ন্ত্রণে। কৃষিতে আবহাওয়া, মাটির অবস্থা, রোগবালাই ও বাজারদর বিশ্লেষণে এআই সহায়ক হতে পারে। ব্যাংকিং খাতে ঋণ ঝুঁকি নির্ধারণ, জালিয়াতি শনাক্তকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকল্প ক্রেডিট মূল্যায়নে এর ব্যবহার বাড়তে পারে।
পরিবহন ও সরবরাহ ব্যবস্থায় রুট নির্ধারণ, সময় অনুমান এবং যানবাহনের কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি সেবায় দায়িত্বশীলভাবে ব্যবহার করা গেলে নাগরিকদের আবেদন, অভিযোগ এবং বিভিন্ন সেবা পাওয়ার প্রক্রিয়াও আরও সহজ হতে পারে।
তবে এআই কোনো জাদুর কাঠি নয়। ভুল তথ্য দিলে ভুল ফলাফলই দেবে। অপরিকল্পিত ব্যবসায়িক প্রক্রিয়ায় এআই ব্যবহার করলে সমস্যা আরও দ্রুত বাড়তে পারে। তাই শুধু একটি চ্যাটবট চালু করলেই কোনো প্রতিষ্ঠান ডিজিটাল হয়ে যায় না। একটি প্রতিষ্ঠানের বিক্রয়, হিসাব, গ্রাহকসেবা, সরবরাহ ব্যবস্থা ও মানবসম্পদের তথ্যকে একটি কার্যকর কাঠামোর মধ্যে আনতে হবে। এআই সফল করতে হলে প্রয়োজন নির্ভরযোগ্য ডেটা, স্বচ্ছ প্রক্রিয়া এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা।
বাংলাদেশের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এআই গ্রহণের উপযুক্ত পরিবেশ তৈরি করা। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য এআই ব্যবহারে সহায়তা, কর সুবিধা বা প্রযুক্তি গ্রহণে বিশেষ উদ্যোগ নেওয়া যেতে পারে। ব্যাংকিং, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও রপ্তানি খাতে নিয়ন্ত্রিত পরীক্ষামূলক এআই ব্যবহারের সুযোগ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে ডেটা সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং এআই ব্যবহারে জবাবদিহির কাঠামো দ্রুত গড়ে তুলতে হবে।বাংলাদেশ শুধু সফটওয়্যার উন্নয়ন নয়, এআইভিত্তিক সেবা রপ্তানির ক্ষেত্রেও বড় সম্ভাবনা তৈরি করতে পারে।
এআই যুগে শুধু প্রযুক্তিগত দক্ষতা যথেষ্ট হবে না। প্রয়োজন সমস্যা বোঝার ক্ষমতা, তথ্য বিশ্লেষণের দক্ষতা এবং ব্যবসায়িক চিন্তাভাবনা। একজন কৃষিবিদ যদি এআই ব্যবহার করতে পারেন, একজন ব্যাংকার যদি ডেটা বিশ্লেষণ বুঝতে পারেন, একজন পোশাকশিল্প ব্যবস্থাপক যদি পূর্বাভাস প্রযুক্তি কাজে লাগাতে পারেন—তাহলে উৎপাদনশীলতায় বড় পরিবর্তন আসতে পারে কিন্তু এআই যদি শুধু কিছু প্রযুক্তি বিশেষজ্ঞের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে নতুন ধরনের বৈষম্য তৈরি হতে পারে।
এআই নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ চাকরি। বাস্তবতা হলো, কিছু কাজ কমবে, কিছু কাজের ধরন বদলাবে এবং নতুন অনেক কাজ তৈরি হবে। একঘেয়ে পুনরাবৃত্তিমূলক কাজের প্রয়োজন কমতে পারে। একই সঙ্গে এআই পরিচালনা, তথ্য বিশ্লেষণ, অটোমেশন ব্যবস্থাপনা এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নের মতো নতুন দক্ষতার চাহিদা বাড়বে। ভবিষ্যতে মানুষ অপ্রয়োজনীয় হবে না, তবে এআই ব্যবহার করতে না পারা দক্ষতা হারানোর বড় কারণ হয়ে উঠতে পারে।
বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা। একদিকে এমন প্রতিষ্ঠান থাকবে, যারা এআইকে শুধু খরচ কমানোর একটি সাময়িক প্রযুক্তি হিসেবে দেখবে। অন্যদিকে থাকবে এমন প্রতিষ্ঠান, যারা এআইকে উৎপাদনশীলতা বাড়ানো, মান উন্নয়ন, গ্রাহক ধরে রাখা এবং বৈশ্বিক বাজারে প্রবেশের মাধ্যম হিসেবে ব্যবহার করবে। ভবিষ্যতের অর্থনীতিতে দ্বিতীয় দলই এগিয়ে থাকবে।
এআইকে শুধু প্রযুক্তির আলোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না। বাংলাদেশের জন্য এটি হতে পারে নতুন প্রবৃদ্ধির উৎস। পোশাক, রেমিট্যান্স ও কম খরচের শ্রমের পাশাপাশি এআইভিত্তিক সেবা, অটোমেশন এবং বুদ্ধিমান ব্যবসা ব্যবস্থাপনা আগামী দিনের বড় সম্ভাবনার ক্ষেত্র হতে পারে। প্রশ্ন হলো—বাংলাদেশ কি শুধু এআইয়ের ব্যবহারকারী হবে, নাকি নিজের প্রয়োজন অনুযায়ী এ প্রযুক্তির নির্মাতা হয়ে উঠবে?
ইতিহাস দেখিয়েছে, যারা পরিবর্তনকে দেরিতে গ্রহণ করে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। আর যারা নিজেদের সমস্যার সমাধানে প্রযুক্তিকে কাজে লাগায়, তারাই নতুন সুযোগ তৈরি করে। বাংলাদেশের উদ্যোক্তা, তরুণ প্রজন্ম এবং প্রযুক্তি খাতের সেই সম্ভাবনা রয়েছে। এখন প্রয়োজন দূরদর্শী নীতি, দ্রুত দক্ষতা উন্নয়ন এবং পরিবর্তন গ্রহণের সাহস।
লেখক: মামুন রশীদ, অর্থনীতি বিশ্লেষক

