জুলাই মাসের প্রথম ১৪ দিনেই দেশে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৮০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য আরও জানায়, ১৪ জুলাই একদিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রবাসীদের আয় বৃদ্ধি এবং সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

