উৎসে কর (টিডিএস) যথাযথভাবে কাটা হচ্ছে কি না এবং তা সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ নজরদারি কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই উদ্যোগের আওতায় কর অঞ্চলগুলোর বিশেষ দল বিভিন্ন বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন চালাচ্ছে। পাশাপাশি হিসাব-নিকাশ, নথিপত্র ও ডিজিটাল তথ্যও যাচাই করা হচ্ছে।
গতকাল শনিবার (১৯ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারায় কর কর্মকর্তাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, সে বিষয়ে করদাতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সচেতন করতেই এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন অনুযায়ী কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যালয়, ব্যবসা কেন্দ্র কিংবা সংশ্লিষ্ট প্রাঙ্গণে প্রবেশ করে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। এ সময় তারা প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক বিবরণী, রসিদসহ আর্থিক লেনদেন-সংক্রান্ত বিভিন্ন নথি পরীক্ষা ও প্রয়োজনে তলব করতে পারবেন।
এছাড়া প্রয়োজনে প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্যও পরীক্ষা করার সুযোগ রয়েছে। এনবিআরের ভাষ্য অনুযায়ী, প্রয়োজন হলে পাসওয়ার্ড বা এনক্রিপশন অতিক্রম করে তথ্যে প্রবেশের ক্ষমতাও কর কর্মকর্তাদের রয়েছে।
উৎসে কর যথাযথভাবে কাটা ও জমা দেওয়া হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য হিসাবের খাতা, নথিপত্র, ইলেকট্রনিক রেকর্ড কিংবা সংশ্লিষ্ট ডিভাইস সাময়িকভাবে জব্দ করে নিজেদের হেফাজতে রাখতেও পারবেন কর কর্মকর্তারা। একই সঙ্গে প্রয়োজনীয় নথি, ছবি বা হিসাবের অনুলিপি সংগ্রহ এবং সেগুলোতে শনাক্তকরণ চিহ্ন বা সিলমোহর ব্যবহারের ক্ষমতাও তাদের রয়েছে।
এনবিআর জানিয়েছে, রাজস্ব আদায়-সংক্রান্ত এই কার্যক্রমে কেউ বাধা সৃষ্টি করলে বা অসহযোগিতা করলে আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারা অনুযায়ী জরিমানার বিধান প্রযোজ্য হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, নির্ধারিত আইনগত ধারা ও সঠিক অর্থনৈতিক কোড উল্লেখ করে ই-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দিতে হবে।
এ ছাড়া ১৪৭ ধারার প্রয়োগ নিয়ে কোনো ধরনের অস্পষ্টতা, জটিলতা, হয়রানি বা অভিযোগ থাকলে এনবিআরের গঠিত কমিটির সদস্য সচিবের কাছে assistance147nbr@gmail.com ঠিকানায় ই-মেইল করে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

