মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে বাংলাদেশের আমদানি ব্যয়ে। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে দেশের জ্বালানি তেল আমদানিতে ব্যয় বেড়েছে ৮৫ শতাংশ। এর প্রভাব পড়ছে ভর্তুকি, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের মে পর্যন্ত সময়ে অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) আমদানিতে ব্যয় হয়েছে ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ ব্যয় বেড়েছে ৯৩ শতাংশ। একই সময়ে পেট্রোলিয়াম পণ্য, তেল ও লুব্রিকেন্ট আমদানিতে ব্যয় হয়েছে ৭ দশমিক ৮৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৮৪ শতাংশ বেশি।
যদিও এ সময়ে কত পরিমাণ জ্বালানি আমদানি হয়েছে, সেই তথ্য প্রকাশ করা হয়নি। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত অর্থবছরে দেশের জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ টন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।
বাংলাদেশের জ্বালানি ব্যবস্থায় আমদানির ওপর নির্ভরতা অনেক বেশি। দেশে ব্যবহৃত পেট্রোলিয়াম পণ্যের প্রায় ৯৫ শতাংশই বিদেশ থেকে আসে। পাশাপাশি দেশের মোট গ্যাসের প্রায় এক-তৃতীয়াংশ আমদানি করা হয়। বিশ্বব্যাংকের জুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অপরিশোধিত তেলের ৬০ থেকে ৬৫ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)-এর ৫৫ থেকে ৬০ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার বাংলাদেশের প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে ভবিষ্যতে জ্বালানি সরবরাহ ও দামের ওপর আরও চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অর্থনীতিতে বহুমুখী চাপের আশঙ্কা:
দক্ষিণ এশিয়ার অর্থনীতি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশের অর্থনীতিতে একাধিক পথে প্রভাব ফেলতে পারে। তার মতে, জ্বালানি ও সারের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও বিমা খরচ বেড়ে যাওয়া, জাহাজ চলাচলে বাধা, রপ্তানি চাহিদা কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স প্রবাহে চাপ—এসব বিষয় দেশের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে।
তিনি বলেন, এর ফলে আমদানি ব্যয় বাড়তে পারে, মূল্যস্ফীতি আবারও বেড়ে যেতে পারে, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হতে পারে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমতে পারে।
সানেমের এক গবেষণায় বলা হয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহন সংকট, রপ্তানি কমে যাওয়া ও রেমিট্যান্স হ্রাস—এই চার ধরনের চাপ একসঙ্গে তৈরি হলে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ৩ শতাংশ কমতে পারে। একই সঙ্গে রপ্তানি প্রায় ৬ শতাংশ কমার পাশাপাশি প্রকৃত মজুরি ২ শতাংশের বেশি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। তবে এগুলো পূর্বাভাস নয়, সম্ভাব্য পরিস্থিতির হিসাব বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলেছে। দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলার এলএনজি সরবরাহের ছয়টি চুক্তির মধ্যে পাঁচটিতে ‘ফোর্স মাজর’ ঘোষণা করা হয়েছে। একই সময়ে স্পট মার্কেটে এলএনজির দাম বেড়ে প্রতি এমএমবিটিইউতে ২৪ থেকে ২৮ ডলারে উঠেছে, যা আগের তুলনায় দ্বিগুণের বেশি।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জ্বালানি খাতে ভর্তুকি জিডিপির ২ দশমিক ৮ শতাংশে পৌঁছাতে পারে। এতে মোট ভর্তুকির পরিমাণ দাঁড়াতে পারে ২ দশমিক ৫ বিলিয়ন থেকে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে। সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যয় ছিল প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।
এর ফলে সামাজিক নিরাপত্তা ও জরুরি সহায়তা খাতে সরকারের ব্যয়ের সুযোগ কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংক আরও বলেছে, জ্বালানি সংকট বিদ্যুৎ উৎপাদন, সার উৎপাদন ও শিল্প কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সংস্থাটি ৩৫০ মিলিয়ন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে।
জ্বালানির পাশাপাশি সার আমদানিতেও ব্যয় বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত সময়ে বাংলাদেশ সার আমদানিতে ব্যয় করেছে ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৪৩ শতাংশ বেশি।
বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশের কৃষি খাত সারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রতি হেক্টর জমিতে বাংলাদেশে প্রায় ৩৯২ কেজি সার ব্যবহার হয়, যা বৈশ্বিক গড় ব্যবহারের দ্বিগুণেরও বেশি। দেশে ইউরিয়া, ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি), ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরিয়েট অব পটাশের বড় অংশ আমদানি করতে হয়। পাশাপাশি দেশীয় ইউরিয়া উৎপাদনও নির্ভর করে পর্যাপ্ত গ্যাস সরবরাহের ওপর।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস সংকটের কারণে দেশের ছয়টি ইউরিয়া কারখানার মধ্যে পাঁচটি বন্ধ হয়ে গেছে। একই সময়ে ইউরিয়ার দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। সরবরাহ পরিস্থিতির আরও অবনতি হলে দাম দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে।
সেলিম রায়হান বলেন, জ্বালানি ও সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের উচিত আমদানির উৎস ও পরিবহন পথ বৈচিত্র্যময় করা, কৌশলগত মজুত বাড়ানো এবং প্রয়োজনীয় আমদানির জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা নিশ্চিত করা। তিনি বলেন, সহায়তা কার্যক্রম হওয়া উচিত নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ও সাময়িক। বিশেষ করে গণপরিবহন, সেচ, ক্ষুদ্র কৃষক, প্রয়োজনীয় খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
একই সঙ্গে এই সংকটকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার দক্ষতা উন্নত করা, শিল্প খাতে জ্বালানি ব্যবহারের কার্যকারিতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

