Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দক্ষতার ঘাটতিতে আটকে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা
    অর্থনীতি

    দক্ষতার ঘাটতিতে আটকে যাচ্ছে বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনা

    নিউজ ডেস্কজুলাই 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রতিবছর দেশের শ্রমবাজারে যুক্ত হচ্ছেন প্রায় ২০ থেকে ২২ লাখ নতুন মানুষ। বিশাল এই কর্মক্ষম জনগোষ্ঠী বাংলাদেশের অর্থনীতির বড় শক্তি হয়ে উঠতে পারত। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। একদিকে শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষ কর্মী খুঁজে পাচ্ছে না, অন্যদিকে শিক্ষিত তরুণদের একটি বড় অংশও কাঙ্ক্ষিত কর্মসংস্থানে প্রবেশ করতে পারছেন না।

    অর্থাৎ দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়লেও ভবিষ্যৎ অর্থনীতির জন্য প্রয়োজনীয় দক্ষতার সঙ্গে সেই জনশক্তির মিল তৈরি হচ্ছে না। ফলে জনসংখ্যাগত সুবিধা এখনো পুরোপুরি অর্থনৈতিক সম্পদে রূপ নিতে পারেনি। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের বর্তমান সময়কে ‘জনমিতিক সুযোগের জানালা’ হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটির ২০২৫ সালের হিসাব অনুযায়ী, দেশের মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৫৭ লাখ। এর মধ্যে প্রায় ১১ কোটি ৫০ লাখ মানুষ ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

    তবে এই সুযোগ সীমাহীন নয়। ইউএনএফপিএ বলছে, বাংলাদেশ প্রথম জনমিতিক লভ্যাংশের সর্বোচ্চ পর্যায় পার করেছে। এখন দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে কার্যকর বিনিয়োগ না হলে এই জনসংখ্যাগত সুবিধা কাঙ্ক্ষিত অর্থনৈতিক সুফল বয়ে আনবে না।

    তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো শিক্ষা, চাকরি বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। ইউএনএফপিএর তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের ৪১ শতাংশ তরুণ-তরুণী শিক্ষা, কর্মসংস্থান বা কোনো প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না। তরুণীদের ক্ষেত্রে এই হার ছিল ৬২ শতাংশ।

    জাতীয় পরিসংখ্যানেও একই চিত্র দেখা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা ১২ কোটি ১৯ লাখ। তবে এর মধ্যে শ্রমশক্তিতে যুক্ত আছেন ৭ কোটি ১৭ লাখ মানুষ। অর্থাৎ বিপুল সংখ্যক কর্মক্ষম মানুষ এখনো উৎপাদনশীল অর্থনীতির বাইরে রয়েছেন।

    দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে, সরবরাহে ঘাটতি:

    শিল্প খাতের বাস্তবতাও উদ্বেগজনক। অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)-এর শ্রমবাজার বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ সাল থেকেই বিভিন্ন খাতে দক্ষ ও উচ্চদক্ষ কর্মীর চাহিদা বিদ্যমান সরবরাহকে ছাড়িয়ে গেছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে দেশে দক্ষতার ঘাটতি প্রায় ১ কোটি ৪৪ লাখে পৌঁছাতে পারে।

    বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর গবেষণায় কৃষি-খাদ্য প্রক্রিয়াজাতকরণ, নির্মাণ, ইলেকট্রনিকস, তথ্যপ্রযুক্তি, চামড়া ও পাদুকা, লাইট ইঞ্জিনিয়ারিং, নার্সিং, তৈরি পোশাক ও জাহাজ নির্মাণসহ ১০টি গুরুত্বপূর্ণ খাতে গড়ে প্রায় ৩০ শতাংশ দক্ষতার ঘাটতি পাওয়া গেছে।

    এই ঘাটতির প্রভাব পড়ছে চাকরির বাজারেও। অনেক তরুণ প্রশিক্ষণ শেষ করেও কর্মসংস্থানে প্রবেশ করতে পারছেন না। কারণ প্রশিক্ষণের বিষয়বস্তু ও শিল্পের বাস্তব চাহিদার মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে।

    বিআইডিএসের সাবেক মহাপরিচালক ও অর্থনীতিবিদ ড. মোস্তফা কে. মুজেরী বলেন, শিল্পের প্রয়োজনীয় দক্ষ জনবল না পেলে উৎপাদনশীলতা বাধাগ্রস্ত হবে। আর উৎপাদনশীলতা বাড়াতে না পারলে মধ্যম আয়ের ফাঁদ এড়ানো কঠিন। তাই বিশ্বমানের দক্ষ মানবসম্পদ তৈরি করা জরুরি।

    প্রযুক্তির পরিবর্তনে বদলে যাচ্ছে দক্ষতার চাহিদা:

    দক্ষতার সংকট শুধু বর্তমান শিল্পের জন্য নয়, ভবিষ্যতের অর্থনীতির জন্যও বড় চ্যালেঞ্জ। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে শ্রমবাজারে প্রয়োজনীয় দক্ষতার ধরনও বদলে যাচ্ছে।

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘ফিউচার অব জবস রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রায় ২২ শতাংশ চাকরির ধরন পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার উন্নয়ন, রোবটিকস ও সবুজ প্রযুক্তিতে দক্ষ মানুষের চাহিদা বাড়বে। একই সঙ্গে সমস্যা সমাধান, বিশ্লেষণী সক্ষমতা এবং পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার দক্ষতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

    আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মতে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা উন্নয়নকে এককালীন নয়, বরং পুরো কর্মজীবনের ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে দেখতে হবে।

    প্রায় সব খাতেই দক্ষ জনবলের সংকট:

    দক্ষতার ঘাটতি এখন আর নির্দিষ্ট কোনো একটি খাতের সমস্যা নয়। তথ্যপ্রযুক্তি, তৈরি পোশাক, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, নির্মাণ ও কৃষি প্রক্রিয়াজাত—প্রায় সব ক্ষেত্রেই শিল্পের চাহিদা ও দক্ষ কর্মীর সরবরাহের মধ্যে ব্যবধান রয়েছে।

    তথ্যপ্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, সফটওয়্যার উন্নয়ন ও সাইবার নিরাপত্তায় দক্ষ কর্মীর প্রয়োজন বাড়ছে। বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, প্রযুক্তির পরিবর্তনের গতি এত দ্রুত যে কয়েক বছরের মধ্যেই অনেক দক্ষতা পুরোনো হয়ে যাচ্ছে। তাই শিল্পের চাহিদা অনুযায়ী নিয়মিত দক্ষতা উন্নয়নের ব্যবস্থা প্রয়োজন। তৈরি পোশাক খাতেও অটোমেশন, ডিজিটাল উৎপাদন ও উচ্চমূল্যের পণ্যে যাওয়ার জন্য দক্ষ প্রযুক্তিবিদ, সুপারভাইজার ও ব্যবস্থাপনা পর্যায়ের কর্মীর চাহিদা বাড়ছে।

    ইঞ্জিনিয়ারিং শিল্পে আধুনিক যন্ত্রপাতিতে বিনিয়োগ বাড়লেও সেগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ অপারেটর ও প্রকৌশলীর সংকট রয়েছে। শিল্প মালিকদের মতে, আধুনিক কারিগরি প্রশিক্ষণ ও শিল্পভিত্তিক শিক্ষানবিশ কর্মসূচি ছাড়া এই ঘাটতি পূরণ করা কঠিন।

    দক্ষতা উন্নয়নে গত এক দশকে সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), এসইআইপি, এসআইসিআইপি, জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামোসহ বিভিন্ন কর্মসূচি চালু করা হয়েছে। এসব উদ্যোগে শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণ, শিক্ষানবিশ প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের সনদ, ডিজিটাল দক্ষতা এবং শ্রমবাজারের চাহিদাভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

    ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেও আন্তর্জাতিক মানের দক্ষতা যাচাই, ডিজিটাল স্কিল ব্যাংক, কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিল্পের উপযোগী জনবল তৈরির বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে বিশ্লেষকদের মতে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষা, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, শিল্পখাত ও শ্রমবাজারের মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করা।

    অর্থনীতিবিদ ড. সেলিম রায়হানের মতে, দেশের সবচেয়ে বড় সম্পদ কর্মক্ষম জনগোষ্ঠী। তবে এই জনমিতিক সুযোগ নিজে থেকেই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পরিণত হয় না। এজন্য দক্ষ মানবসম্পদ উন্নয়নকে অর্থনৈতিক পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে।

    এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতার মান, প্রশিক্ষণের গুণগত মান এবং শিল্প-একাডেমিয়ার সম্পর্ক শক্তিশালী করার কাজ চলছে।

    বাংলাদেশের উন্নয়নের পরবর্তী ধাপ তাই শুধু কত মানুষ কর্মে যুক্ত হচ্ছে, তার ওপর নির্ভর করবে না। বরং কতজনকে আধুনিক ও বৈশ্বিক মানের দক্ষতায় গড়ে তোলা যাচ্ছে, সেটিই হবে ভবিষ্যৎ অর্থনীতির সবচেয়ে বড় নির্ধারক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নিয়ে মঙ্গলবার আবার বৈঠক

    নভেম্বর 23, 2026
    অর্থনীতি

    শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে ১৫ বছরের চুক্তি

    নভেম্বর 23, 2026
    বিমা

    ১০ মাসে প্রায় ৩৮৩ কোটি টাকার বিমা দাবি পরিশোধ সোনালী লাইফের

    নভেম্বর 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.