জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বুধবার ১৪ হাজার ৪১১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ বিতরণ, গ্যাস অনুসন্ধান, স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনা খাতের গুরুত্বপূর্ণ উদ্যোগ রয়েছে।
প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা সরকার নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে। এছাড়া ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে এবং বাকি অর্থ সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
অনুমোদিত আটটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। সভায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা আসাদুল হাবিব দুলু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ, পানিসম্পদ উপদেষ্টা মো. শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুমোদিত প্রকল্পগুলো: স্থানীয় সরকার বিভাগের অধীনে অনুমোদন পাওয়া তিনটি প্রকল্প হলো—
- সাধারণ সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (প্রথম সংশোধিত)
- বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) সমন্বিত উন্নয়ন প্রকল্প
- গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প
এ ছাড়া অনুমোদন পেয়েছে—
- দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প (তৃতীয় সংশোধিত)।
- ঢাকা-আশুলিয়া উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প (দ্বিতীয় সংশোধিত)।
- সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (তৃতীয় সংশোধিত)।
- বেগমগঞ্জ-৫ মূল্যায়ন ও উন্নয়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্রা-২ অনুসন্ধান কূপ খনন প্রকল্প।
- কিডনি ডায়ালাইসিস কেন্দ্র সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় সংশোধিত)।
সভায় আরও জানানো হয়, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি অর্পিত ক্ষমতাবলে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপন, পরিবহন অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ, বিমানবন্দরে মোবাইল নেটওয়ার্ক স্থাপন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন।

