নোয়াখালীর ভাসানচরে সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা এবং বিদ্যুৎ বিতরণ অবকাঠামো নির্মাণের দায়িত্ব পেয়েছে চীন ও বাংলাদেশের একটি যৌথ প্রতিষ্ঠান। এ প্রকল্প বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ১৭৪ কোটি ১৮ লাখ ২ হাজার ২৮২ টাকা।
আজ বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে বাস্তবায়নাধীন ‘নোয়াখালী জেলার ভাসানচরে বিদ্যুতায়ন’ প্রকল্পের অংশ হিসেবে এই কাজ সম্পন্ন হবে। প্রকল্পের জিডি-১ প্যাকেজের আওতায় টার্নকি ভিত্তিতে সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় বিদ্যুৎ বিতরণ অবকাঠামো স্থাপন করা হবে।
সরকারি সূত্রে জানা গেছে, কাজটি বাস্তবায়নের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছিল। এতে মোট ১৩টি দরপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে পাঁচটি দরপত্র কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।
এরপর মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা হিসেবে চীনের সুহুয়া কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের পাওয়ার সিস্টেম ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগকে নির্বাচিত করা হয়। ভ্যাট ও করসহ মোট ১৭৪ কোটি ১৮ লাখ ২ হাজার ২৮২ টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটি প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে।
ভাসানচরে বিদ্যুতায়ন প্রকল্পটি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন পায়। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত। এ প্রকল্পের অর্থায়ন করবে বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিল।

