২০২৬-২৭ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন গ্রহণ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতারা নিট প্রদেয় করের ৫ শতাংশ পর্যন্ত প্রণোদনা পাবেন। তবে এই সুবিধার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
গতকাল বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করা হয়েছে।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এর ব্যবহার ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা অনলাইনে সফলভাবে রিটার্ন জমা দিয়েছেন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এতে বোঝা যায়, ডিজিটাল মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের প্রতি করদাতাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে এখন ঘরে বসেই সহজে রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়া সম্ভব হচ্ছে।
বর্তমানে স্বাভাবিক ব্যক্তিশ্রেণির সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, প্রয়োজনীয় সনদপত্র থাকা শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা চাইলে কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।
এ ছাড়া প্রযুক্তিগত বা নিবন্ধনসংক্রান্ত সমস্যার কারণে কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ থাকবে।
এনবিআরের অনলাইন করসেবা ব্যবস্থার মাধ্যমে করদাতারা ব্যাংক স্থানান্তর, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। পাশাপাশি সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহের সুবিধাও পাওয়া যাবে।
অনলাইনে রিটার্ন দাখিল করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হলে সরকারি ছুটি ছাড়া অফিস চলাকালীন সময়ে এনবিআরের কল সেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সহায়তা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এনবিআর আরও জানিয়েছে, ২০২৬-২৭ করবর্ষ থেকে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলকারীরা নিট প্রদেয় করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা পাবেন। তবে সেপ্টেম্বরের পর জমা দেওয়া রিটার্নের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

