চলতি বছরের জুলাই মাসের প্রথম ২২ দিনে দেশে ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ২৩.৪ শতাংশ বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যে এ তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশে এসেছে ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১.৭৫৯ বিলিয়ন ডলার।
তথ্য অনুযায়ী, ২১ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এই শক্তিশালী ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রবাসীদের ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

