চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে ইতিবাচক গতি দেখা যাচ্ছে। অর্থবছরের প্রথম ২৫ দিনে দেশে বৈধ পথে এসেছে ২ দশমিক ২৯৯ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮ হাজার ৪৭ কোটি ৮০ লাখ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ২২৯ কোটি ৯০ লাখ ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ৭০ লাখ ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রথম ২৫ দিনে প্রবাসী আয় বেড়েছে ৩৯ কোটি ২০ লাখ ডলার। যা শতাংশের হিসাবে ২০ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাই মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা রয়েছে। চলতি মাসের প্রথম পাঁচ দিনেই দেশে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। এরপর ২১ দিনে রেমিট্যান্সের পরিমাণ ছাড়ায় ২০৯ কোটি ৫০ লাখ ডলার। আর ২৫ দিনে তা পৌঁছে যায় ২২৯ কোটি ৯০ লাখ ডলারে।
সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ এবং প্রবাসীদের জন্য বিদ্যমান প্রণোদনা এই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে।
তারা বলছেন, প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্স তিন বিলিয়ন ডলারের সীমা ছাড়িয়ে যেতে পারে। বাড়তে থাকা রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, আমদানি ব্যয় মেটাতে এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য ধরে রাখতে সহায়ক হবে।

