এ মুহূর্তে গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছে পেট্রোবাংলা। বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে শনিবার (১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে সরকারের বর্তমান অবস্থান তুলে ধরে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে এখনই গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।
এর আগে গ্যাসের ঘাটতি এবং ভর্তুকির চাপ কমানোর যুক্তিতে বিদ্যুৎ উৎপাদন ও সিএনজি খাতে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল পেট্রোবাংলা।
প্রস্তাব অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা এবং সিএনজিতে ব্যবহৃত গ্যাসের দাম ৪৩ টাকা থেকে প্রায় ৬৫ টাকা করার সুপারিশ জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠানো হয়েছিল।
তবে এ প্রস্তাব নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সরকার আপাতত গ্যাসের মূল্যবৃদ্ধির উদ্যোগ থেকে সরে এসেছে। শনিবার রাতে দেওয়া পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, বর্তমান সময়ে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

