দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এর আগে এই দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ১০৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মাত্র তিন দিন আগে, ৮ আগস্ট ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়েছিল সংগঠনটি।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৯৩৩ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ২২ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা বেড়ে হয়েছে ৫ হাজার ৭৪ টাকা। একই পরিমাণ বেড়ে ২১ ক্যারেটের রুপার দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮৪১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের রুপার দাম ভরিতে ১৭৫ টাকা বেড়ে হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম ভরিতে ১১৬ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৫৯ টাকা।

