একটি জাহাজে সবচেয়ে বেশি রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ওঠানোর নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ। বুধবার, ১২ আগস্ট, একদিনেই একটি জাহাজে ১ হাজার ৭৮৪ টিইইউ রপ্তানি পণ্যভর্তি কনটেইনার বোঝাই করা হয়েছে।
বন্দরের ১১ নম্বর জেটিতে আন্তর্জাতিক নৌপরিবহন প্রতিষ্ঠান মায়ের্স্ক লাইনের পরিচালিত ‘এমভি মায়ের্স্ক বিনতুলু’ জাহাজে এসব কনটেইনার তোলা হয়। রপ্তানি পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা ছিল ৯৩৩টি।
এর পাশাপাশি জাহাজটিতে ১৪৭ টিইইউ বা ১৪৪টি খালি কনটেইনারও তোলা হয়েছে। সব মিলিয়ে জাহাজটিতে মোট ১ হাজার ৯৩১ টিইইউ কনটেইনার বোঝাই করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১ হাজার ৯৩১ টিইইউ কনটেইনার নিয়ে ‘এমভি মায়ের্স্ক বিনতুলু’ বুধবার মালয়েশিয়ার পোর্ট ক্লাংয়ের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে। এর মধ্যে ১ হাজার ৭৮৪ টিইইউ কনটেইনারে ছিল রপ্তানি পণ্য।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরে একটি জাহাজে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পাঠানোর ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত ১৮ জুন এক জাহাজে ১ হাজার ৪৩৯ টিইইউ রপ্তানি কনটেইনার বোঝাইয়ের রেকর্ড হয়েছিল।
মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় চট্টগ্রাম বন্দরের রপ্তানি পণ্য পরিবহনের সক্ষমতা ও কার্যক্রমে নতুন মাইলফলক তৈরি হলো।

