দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ আগস্ট পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৪৬৭ দশমিক ১৮ মিলিয়ন ডলারে, যা ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের সমান।
সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভ এখন ৩২ হাজার ৬১৬ দশমিক ৫০ মিলিয়ন ডলার, অর্থাৎ ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার।
এর আগে ২০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৭ হাজার ৩৪৮ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২ হাজার ৫৩২ দশমিক ৮৯ মিলিয়ন ডলার।
অর্থাৎ মাত্র চার দিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে ১১৮ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। আর বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়েছে ৮৩ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভকে তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য সূচক হিসেবে ধরা হয়। এ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়।

